ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৫:২০ পিএম
ফটিকছড়ি উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের ফটিকছড়িতে ছাগল বিতরণে একের পর এক অনিয়ম ও গুরুতর অসংগতির তথ্য পাওয়া গেছে।
প্রকল্পের মাস্টাররোলে নাম নেই- এমন ব্যক্তিকেও ছাগল দেওয়ার অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত উপকারভোগীদের কারও কারও সই জাল করার অভিযোগও রয়েছে। একই মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে একাধিক উপকারভোগীর নামে।
শুধু তাই নয়, বিনামূল্যে দেওয়ার কথা থাকা ছাগল পেতে উপকারভোগীদের কাছ থেকে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কার্যাদেশে উল্লেখ থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য একটি প্রতিষ্ঠানের নামে টাকা উত্তোলনের তথ্যও মিলেছে। ছাগল গ্রহণ কমিটির কার্যক্রম, বিতরণের পর পুনঃবিতরণ প্রতিবেদন এবং নগদ সহায়তার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াতেও দেখা গেছে নানা অসঙ্গতি।
গত কয়েকদিনের টানা অনুসন্ধান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মাস্টাররোল ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই এবং মাঠপর্যায়ে উপকারভোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
তালিকায় নাম নেই, তবু পেলেন দুই ছাগল
দক্ষিণ ফটিকছড়ির খিরাম ইউনিয়নের জঙ্গল মগকাটা গ্রামের কৃষক সুরেশ চাকমা। তার বাবার নাম রবীন্দ্র চাকমা। প্রকল্পের মাস্টাররোল পর্যালোচনা করে দেখা যায়, সেখানে সুরেশ চাকমার নাম নেই। অথচ প্রকল্পের আওতায় তিনি দুটি ছাগল পেয়েছেন। সুরেশ চাকমা বলেন, তিনি কোনো কাগজে সই করেননি। প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর ও একই এলাকার বাসিন্দা দীপঙ্কর চাকমার মাধ্যমে তিনি ছাগল দুটি পেয়েছেন। তবে মাস্টাররোলে নাম না থাকা সত্ত্বেও কীভাবে তার হাতে প্রকল্পের দুটি ছাগল পৌঁছাল, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
মাস্টাররোলে নাম আছে, সই জাল
একই এলাকার শোভা চাকমার নাম ও মোবাইল নম্বর রয়েছে প্রকল্পের মাস্টাররোলে। তবে সেখানে থাকা স্বাক্ষরটি তার নয় বলে দাবি করেছেন তিনি। নথিতে তার নামে ছাগলের পাশাপাশি অন্যান্য সামগ্রী পাওয়ার তথ্যও রয়েছে। শোভা চাকমার দাবি, তিনি এসব সামগ্রীর কিছুই পাননি। বিতরণের পর তার পাওয়া দুটি ছাগলও মারা গেছে। একই ধরনের অভিযোগ জীবন পুরন চাকমার ক্ষেত্রেও। মাস্টাররোলে তার নাম থাকলেও সেখানে থাকা সই তার নয় বলে জানিয়েছেন তিনি। জীবন পুরন চাকমা বলেন, কোনো মাস্টাররোলে আমি সই করিনি। তবে ছাগল পেতে দীপঙ্কর চাকমাকে ১ হাজার টাকা দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।
মাস্টাররোলে থাকা সইগুলো প্রকৃত উপকারভোগীদের সইয়ের সঙ্গে মিল পাওয়া যায়নি। এসব সই কারা করেছেন, সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
একাধিক উপকারভোগীর নামে একই মোবাইল নম্বর
মাস্টাররোলে আরও একটি অসঙ্গতি পাওয়া গেছে। খিরাম ইউনিয়নের তালিকার ১ ও ২ নম্বর ক্রমিকের উপকারভোগীদের নামে একই মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট নম্বরটি প্রকল্পের মাঠকর্মী দীপঙ্কর চাকমার বলে জানা গেছে। এ ছাড়া ১১ ও ১৩ নম্বর এবং ২০ ও ২১ নম্বর ক্রমিকেও একই মোবাইল নম্বর ব্যবহারের তথ্য পাওয়া গেছে। একই নম্বর একাধিক উপকারভোগীর নামে কেন ব্যবহার করা হয়েছে, তার কোনো ব্যাখ্যা নথিতে পাওয়া যায়নি।
তবে প্রকল্পের মাঠকর্মী দীপঙ্কর চাকমা বলেন, অনেকেই মোবাইল ব্যবহার করেন না। তাই তাদের ক্ষেত্রে একই মোবাইল নম্বর একাধিকবার ব্যবহার করা হয়েছে।
বিনামূল্যের ছাগল বিতরণে টাকা আদায়ের অভিযোগ
প্রকল্পের আওতায় ছাগল বিনামূল্যে বিতরণের কথা থাকলেও খিরাম ইউনিয়নের উপকারভোগীদের কাছ থেকে ছাগল দেওয়ার সময় ৮০০ থেকে ১ হাজার এবং কোথাও ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগীদের কয়েকজন জানান, অধিকাংশের কাছ থেকেই এ টাকা নিয়েছেন প্রকল্পের মাঠকর্মী দীপঙ্কর চাকমা। টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ছাগল পরিবহণের গাড়িভাড়া বাবদ এসব টাকা নেওয়া হয়েছে। তবে টাকা নেওয়ার সরকারি অনুমোদন ছিল কি না, কোন খাতে তা নেওয়া হয়েছে এবং টাকা নেওয়ার বিপরীতে কোনো রসিদ দেওয়া হয়েছে কি না- সংশ্লিষ্টদের কাছ থেকে এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।
বিতরণের পর পুনঃবিতরণ প্রতিবেদন নেই
প্রকল্পের নিয়ম অনুযায়ী ছাগল বিতরণের পর পুনঃবিতরণসংক্রান্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও ফটিকছড়িতে এমন প্রতিবেদন দাখিল করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে সরকারি বরাদ্দ অনুযায়ী কতটি ছাগল নেওয়া হয়েছিল, কতটি বিতরণ করা হয়েছে, কারা পেয়েছেন এবং বিতরণের সময় কারা উপস্থিত ছিলেন- এসব তথ্যের পূর্ণাঙ্গ সরকারি নথি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
কমিটিতে নাম থাকলেও কার্যক্রম জানেন না সদস্যরা
প্রকল্পের ছাগল নেওয়ার জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনকে সদস্য করা হয়েছে। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছাড়া অন্য সদস্যরা ছাগল নেওয়ার বিষয়ে কিছু জানতেন না বলে জানা গেছে। এমনকি ছাগল নেওয়ার সময়ও তারা উপস্থিত ছিলেন না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মমিনের অনুমতি নিয়ে প্রকল্পের মাঠকর্মী তোয়াইনিং মার্মা ও দীপঙ্কর চাকমা ছাগলগুলো নিয়েছেন। পরে তারা নির্ধারিত কয়েকটি স্থানে এসব ছাগল বিতরণ করেন।
মাঠকর্মী ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার একান্ত সহকারী পরিচয় দেওয়া তোয়াইনিং মার্মা বলেন, ঠিকাদার ভোর হওয়ার আগেই ছাগলগুলো নিয়ে আসেন। তখন স্যাররা থাকেন না। আমি ও দীপঙ্কর চাকমা মিলে ছাগলগুলো ঠিকাদারদের কাছ থেকে নিয়ে উপকারভোগীদের মধ্যে বিতরণ করে দিই।
অথচ ছাগল বিতরণের আগে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানের কথা সংশ্লিষ্ট পরিপত্রে উল্লেখ রয়েছে। এসব কার্যক্রম তদারকির দায়িত্ব উপজেলা ভেটেরিনারি সার্জনের। তবে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাহাঙ্গীর মাহমুদ রাকিব বলেন, ছাগল বিতরণের বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। ছাগলগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও আমার জানা নেই। তবে যতটুকু জানি, ছাগল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোরই ভ্যাকসিন দিয়ে ছাগল বিতরণের কথা।
কার্যাদেশে দুই প্রতিষ্ঠান, টাকা তুলেছে তৃতীয় প্রতিষ্ঠান
প্রকল্পের দ্বিতীয় ধাপের কার্যাদেশ ও পরিপত্র পর্যালোচনা করে দেখা যায়, সেখানে মেসার্স তুষার এন্টারপ্রাইজ ও মেসার্স লুৎফা এন্টারপ্রাইজের নাম রয়েছে। কিন্তু ট্রেজারি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ‘দুর্বার ট্রেডিং ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান প্রকল্পের টাকা উত্তোলন করেছে।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম বলেন, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের স্মারক নম্বর ২৬/৯২৬-এর বিপরীতে টাকা উত্তোলনের অনুমোদনকারী কর্মকর্তা হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মমিনের নাম রয়েছে। তিনি বলেন, আমাদের এত কিছু পর্যালোচনা করার সুযোগ নেই। প্রাণিসম্পদ কর্মকর্তা যাকে অনুমোদন দেন, তার ভিত্তিতেই আমরা টাকা ছাড় করে থাকি।’
কার্যাদেশে উল্লেখ থাকা দুটি প্রতিষ্ঠানের বাইরে অন্য একটি প্রতিষ্ঠানের নামে কীভাবে প্রকল্পের টাকা উত্তোলন করা হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এ ছাড়া তুষার এন্টারপ্রাইজ বা লুৎফা এন্টারপ্রাইজের সঙ্গে দুর্বার ট্রেডিং ইন্টারন্যাশনালের কোনো অনুমোদিত সম্পর্ক, প্রতিনিধি নিয়োগ কিংবা চুক্তিগত সংযোগ রয়েছে কি না, সংশ্লিষ্ট নথিপত্রেও তার সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
নগদ সহায়তার ২ লাখ ৫০ হাজার টাকা ফেরত
প্রকল্পের প্রথম ধাপে উপকারভোগীদের নগদ সহায়তা হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ ছিল বলে সংশ্লিষ্ট নথিতে পাওয়া গেছে। তবে ওই টাকা উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে প্রকল্পের তহবিলে ফেরত দেওয়া হয়েছে। কেন টাকা বিতরণ করা হয়নি, কার সিদ্ধান্তে তা ফেরত দেওয়া হয়েছে এবং ফেরত দেওয়ার ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে- এসব বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
তবে প্রকল্পের মাঠকর্মী তোয়াইনিং মার্মা বলেন, জেলা থেকে ওই টাকা আমাদের ফান্ডে আসেনি। এ বক্তব্যের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মমিন কোনো আপত্তি জানাননি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মমিন বলেন, প্রকল্পের সব উপকরণ ও টাকা উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রকল্পটি এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে এসব বিষয়ে কিছু ‘ভায়োলেশন’ হয়েছে, যা ঠিক হয়নি। মূলত সময়মতো পরিপত্র হাতে না পাওয়ায় এ ধরনের ‘ভায়োলেশন’ হয়েছে। ছাগল মারা যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি প্রকল্পটিকে ‘লস প্রজেক্ট’ বলেও উল্লেখ করেন।
তদন্তের মধ্যেই বদলি তদন্ত কর্মকর্তার
এর আগে, প্রকল্পের অনিয়মের অভিযোগ তদন্তে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের কয়েকদিন পরই তাকে সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার, সিলেটের উপপরিচালক হিসেবে বদলি করা হয়। ফলে তদন্ত কতদূর এগিয়েছে, বর্তমানে তদন্ত কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে এবং কমিটির প্রধান বদলি হওয়ার পর তদন্ত কীভাবে সম্পন্ন হবে- এসব বিষয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
তবে প্রকল্প পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন সঠিক ও গ্রহণযোগ্য না হলে নতুন করে কমিটি গঠন করে কেন্দ্র থেকে তদন্ত দল পাঠানো হতে পারে। প্রকল্পের টাকা ও উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান নিয়ে কাজ করা বাংলাদেশ আদিবাসী ফোরামের চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক জুনিয়া ত্রিপুরা বলেন, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড সরকারের এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই, এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
প্রকল্প পরিচালক অসীম কুমার দাশ বলেন, নিয়ম অনুযায়ী ইউএনওর সঙ্গে সমন্বয় করে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের কথা থাকলেও তা করা হয়নি। গৃহনির্মাণের বরাদ্দের ৫০ শতাংশ অব্যবহৃত থাকায় ফেরত গেছে। এতে উপকারভোগীরা বঞ্চিত হয়েছেন। এটিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ব্যর্থতা হিসেবে দেখছি। তিনি বলেন, বিষয়টি তদন্তে কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।