রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৪:৫৫ পিএম
রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে পুড়ে গেছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যানার, লাইট ও সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে গেট।
শুক্রবার গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা
ঘটে।এদিকে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন
জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং রাজবাড়ী সদর থানার পুলিশসহ অন্যান্য
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় জেলা বিএনপির নেতারা এ ঘটনার তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা
পূর্ব পরিকল্পিতভাবে রাজবাড়ীসহ সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এ ঘটনা
ঘটিয়েছে। তারা মাদক বেচা-কেনা, সেবন ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে
একাধিক মামলা থাকার পরও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে
চিহ্নিত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
জানা গেছে, রাত ১টার দিকে দলীয় কার্যালয়ের
কেয়ারটেকার সব রুম ও গেটের তালা চেক করে বাড়িতে যান। সকালে এসে আগুনের ঘটনা
দেখতে পান।
জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার আতর
আলী ঘটনার বর্ণনা দিয়ে জানান, শুক্রবার রাত আনুমানিক একটা পর্যন্ত কার্যালয় পাহারা
দিয়ে আমি বাড়ি ফিরি। পরদিন সকালে এসে দেখি কার্যালয়ের সামনের গেটে আগুন লেগে ক্ষতিগ্রস্ত
হয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি দলের প্রবীণ নেতাকর্মীদের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত
হন।রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, এটা একটা
পরিকল্পিত ঘটনা। একাধিক মামলা থাকার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা
এখনো রাজবাড়ীতে ঘুরে বেড়াচ্ছে। যারা মাদক সেবন ও অস্ত্র পাচার করে, তারাই এ ঘটনা
ঘটিয়েছে, দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
আরেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব বলেন,
এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের
দাবি জানাই। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের প্রকাশ্যে বিএনপিকে মোকাবিলা করার মতো
সাহস নেই। এরা চোরাগুপ্ত ঘাতক। রাজবাড়ীর রাজনীতিকে নষ্ট ও উন্নয়নে বাধাগ্রস্ত ও
পরিবেশ নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব,
অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল বলেন, দুর্বৃত্তরা চেয়েছিল বিএনপি কার্যালয়টি সম্পূর্ণ
জ্বালিয়ে দিতে। তাদের আগুনে কার্যালয়ের বাইরের সাইনবোর্ড ও লোহার গেটের ব্যাপক ক্ষতি
হয়েছে। তবে মূল দরজার তালা ভাঙতে না পারায় তারা ভেতরের দিকে প্রবেশ করতে পারেনি।
তিনি আরও বলেন, এটি বিএনপির দলীয় অস্তিত্বের ওপর এক ধরনের আঘাত। জেলা বিএনপি এই ন্যক্কারজনক
ঘটনার তীব্র নিন্দা জানান। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে মামলার প্রস্তুতি
চলছে বলে তিনি নিশ্চিত করেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের
খবর পাওয়ার পর পরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে এবং আলামত পর্যবেক্ষণ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত
সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায়
আনা হবে।
অগ্নিকাণ্ডের এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়
নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে
কার্যালয় ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।