রোগীর চাপ বাড়ায় মেঝেতে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একের পর এক রোগী হাসপাতালে ভর্তি হলেও সেই অনুপাতে বাড়েনি শয্যা, চিকিৎসক কিংবা নার্স।
ফলে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের বারান্দা, করিডোর ও মেঝেতে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। সরকারি-বেসরকারি হাসপাতালেও শয্যার সংকট দেখা দিয়েছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, ৩ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১২৫ জনে। এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ২২৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ জন।
এর মধ্যে খুলনা জেলা হয়ে উঠেছে সংক্রমণের প্রধান কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১০৬ জন।

একই সময়ে খুমেক হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৫ জন। অর্থাৎ এক দিনেই খুলনা জেলা ও খুমেক মিলিয়ে নতুন রোগী ১৯১ জন।
সেপ্টেম্বরেই আক্রান্ত বেড়েছে ৭ হাজারের বেশি
সরকারি হিসাব বিশ্লেষণ করলে ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতির চিত্র স্পষ্ট হয়। ৩১ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট আক্রান্ত ছিলেন ২ হাজার ৭১ জন। ১ সেপ্টেম্বর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৯৪ জন। সেপ্টেম্বর শেষে আক্রান্তের সংখ্যা হয় ১৩ হাজার ৪১১ জন।
অর্থাৎ আগস্টে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজারের বেশি। সেপ্টেম্বরে নতুন আক্রান্ত হন ৭ হাজারের বেশি মানুষ। এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
মৃত্যুর ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। আগস্ট শেষে বিভাগে ডেঙ্গুতে মৃত্যু ছিল ২০ জন। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়ায় ৪৮ জনে। অর্থাৎ শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ২৮ জন।
দৈনিক রোগী ভর্তির হিসাবেও পরিস্থিতির তীব্রতা স্পষ্ট। ৩ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় ২৪৭ জন, ৮ সেপ্টেম্বর ২৪২ জন, ১০ সেপ্টেম্বর ২৮৪ জন, ১৬ সেপ্টেম্বর ৩৪৯ জন এবং ২৪ সেপ্টেম্বর ২৮৬ জন হাসপাতালে ভর্তি হন। ২৬ সেপ্টেম্বর এক দিনেই নতুন ভর্তি হন ২৭৬ জন এবং মারা যান পাঁচজন। পরদিন নতুন ভর্তি বেড়ে দাঁড়ায় ৩২৯ জনে।
শয্যার সংকটের পাশাপাশি বাড়ছে জনবল ঘাটতিও
ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে বড় চাপ দৃশ্যমান হয়েছে খুমেক হাসপাতালে। নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় রোগীদের বারান্দা, করিডোর ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর স্বজনদের অভিযোগ, শয্যার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও নার্সিং সেবাও সবসময় পাওয়া যাচ্ছে না।
রোগীর স্বজন তানজিনা খাতুনের ভাষায়, “বেড তো নাই। কেবিন পেলেও আমরা ভাবছিলাম যে যাব, কেবিনও পাচ্ছি না।”
আরেক স্বজন আসাদুল বলেন, সরকারি হাসপাতাল হলেও প্রয়োজনীয় কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। তৃতীয় একজন স্বজনের অভিযোগ, চিকিৎসককে পাওয়া গেলেও নার্সের সংকট বেশি।
অভিযোগের বিষয়ে খুমেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু রোগীদের ওষুধের সরবরাহ রয়েছে। জনবল সংকট থাকলেও তা রোগী ফেরত যাওয়ার মতো পর্যায়ে পৌঁছেনি।

হাসপাতালের পরিচালক কাজী মো. আইনুল ইসলাম বলেন, “জনবলের ঘাটতি আছে, তবে এমন সংকট নেই যে রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।”
তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেনের বক্তব্যে জনবল সংকটের বাস্তবতা স্পষ্ট হয়েছে।
তিনি জানান, খুমেক ছয়জন চিকিৎসক চাইলেও দেওয়া সম্ভব হয়েছে দুজন। প্রয়োজন অনুযায়ী বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় জনবল সমন্বয়ের চেষ্টা চলছে।
মশকনিধন নিয়েও প্রশ্ন
হাসপাতালে রোগীর চাপ বাড়ার পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে।
সেপ্টেম্বরে খুলনা সিটি করপোরেশনের মশকনিধনের জন্য আনা ওষুধের মান নিয়ে প্রশ্ন ওঠে। প্রাথমিক পরীক্ষায় ওষুধটি উত্তীর্ণ না হওয়ায় বিষয়টি আলোচনায় আসে। পরে নতুন কেনা ওষুধের নমুনা পরীক্ষার জন্য একাধিক পরীক্ষাগারে পাঠানো হয়।
কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু পরিস্থিতি মোকাবিলায় বিকল্প পরিকল্পনার কথা জানিয়েছেন।
ডেঙ্গুর পরবর্তী ঢেউ কম না হলে খুমেক হাসপাতাল চত্বরে ফিল্ড হাসপাতাল করার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে জনগণের সম্পৃক্ততার ওপর জোর দেন।
তবে রোগীর চাপ বাড়ার পর ফিল্ড হাসপাতালের প্রস্তুতি এবং মশকনিধনের ওষুধের মান যাচাইয়ের বিষয়টি সামনে আসায় আগাম প্রস্তুতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সর্বোচ্চ চাপ খুলনাতেই
১ অক্টোবর পর্যন্ত খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ২১৭। মৃত্যু হয়েছে ১৬ জনের। চিকিৎসাধীন ছিলেন ৪৪৮ জন। খুমেক হাসপাতালে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৬৩ এবং মৃত্যু ২৫ জন।
অন্যদিকে বাগেরহাটে আক্রান্ত ১ হাজার ৮৯৮, যশোরে ১ হাজার ৩৫৩ জন। নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গাতেও রোগী বাড়ছে।
অর্থাৎ খুলনা বিভাগের প্রায় প্রতিটি জেলাতেই ডেঙ্গুর বিস্তার ঘটেছে। তবে চিকিৎসার বড় চাপ এসে পড়ছে খুলনা শহরের হাসপাতালগুলোর ওপর।
জেলার রোগীদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা জটিল রোগীদের চাপ সামলাতে গিয়ে খুমেকসহ হাসপাতালগুলোর সক্ষমতার সীমাবদ্ধতা এখন স্পষ্ট হয়ে উঠেছে।