× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীরগঞ্জে ধানক্ষেতে দুলছে কৃষকের স্বপ্ন

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর)

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৪:০৫ পিএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাঠজুড়ে আমন ধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাঠজুড়ে আমন ধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যেদিকে চোখ যায়, সেদিকেই ধানক্ষেতের বিস্তার। বিস্তীর্ণ মাঠজুড়ে বাতাসের দোলায় ঢেউ খেলছে আমন ধানের ক্ষেত। 

উপজেলার নিজপাড়া, সাতোর, সুজালপুর, ভোগনগর, মোহনপুর, পলাশবাড়ী, মরিচা, শতগ্রাম ইউনিয়নের গ্রামীণ জনপদজুড়ে এখন এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয়েছে। ধানক্ষেতে দুলছে কৃষকের স্বপ্ন, আর সেই স্বপ্ন ঘিরে নতুন আশার আলো দেখছেন হাজারো কৃষক। মাঠে মাঠে আমন ধানের গাছ এখন সতেজ ও প্রাণবন্ত। কোথাও ধানের শীষ বের হতে শুরু করেছে, আবার কোথাও শীষে দুধ আসার অপেক্ষা। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত এবং কৃষকদের নিবিড় পরিচর্যায় এ বছর আমনের ক্ষেতগুলো বেশ ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ জমিতে আগাছা পরিষ্কার করছেন, কেউ রোগবালাই পর্যবেক্ষণ করছেন, আবার কেউ সার দিতে ব্যস্ত। সব মিলিয়ে এখন আমনকে ঘিরেই সময় কাটছে কৃষকের।

নিজপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল জলিল বলেন, এবার ধানের অবস্থা অনেক ভালো। বৃষ্টিও সময়মতো হয়েছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে ফলন ভালো হবে বলে আশা করছি।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাঠজুড়ে আমন ধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ 

সাতোর ইউনিয়নের কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, ধানের ক্ষেত দেখে মন ভরে যায়। কয়েক মাসের কষ্টের ফল এখন চোখের সামনে। তবে ধানের দাম নিয়ে চিন্তা থেকেই যায়। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ধানের দাম সবসময় সন্তোষজনক থাকে না।

উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধান চাষ এখনও এ অঞ্চলের অধিকাংশ পরিবারের প্রধান আয়ের উৎস। ভালো ফলন হলে শুধু পরিবারের খাদ্য নিরাপত্তাই নিশ্চিত হয় না, বরং সংসারের অন্যান্য প্রয়োজনও মেটানো সম্ভব হয়। তাই আমন মৌসুমকে ঘিরে কৃষকদের প্রত্যাশা থাকে সবচেয়ে বেশি।

এদিকে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারাও কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন। বিভিন্ন ইউনিয়নে কৃষকদের সঙ্গে মতবিনিময়, ক্ষেত পরিদর্শন এবং রোগবালাই দমন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাঠজুড়ে আমন ধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ 

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমন ধানের আবাদ ভালো হয়েছে। অধিকাংশ ক্ষেতের অবস্থা ভালো রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ধানের ক্ষেতে মাজরা পোকা, বাদামি ফড়িং, পাতামোড়ানো পোকাসহ বিভিন্ন রোগবালাই দেখা দিতে পারে। এজন্য কৃষকদের নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সবুজে ঘেরা বীরগঞ্জের মাঠজুড়ে এখন আশার গল্প লিখছেন কৃষকরা। তাদের বিশ্বাস, প্রকৃতি সহায় হলে অচিরেই কৃষকের গোলা ভরে উঠবে ধানে। আর মুখে ফুটবে হাসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা