× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ বছর প্রবাসে, মেয়েকে কোলে নেওয়ার স্বপ্ন পূরণ হলো না মিজানুরের

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৩:৪৮ পিএম

প্রবাসী মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

প্রবাসী মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মিজানুর রহমান।

দীর্ঘ প্রবাসজীবনে পরিবারের জন্য নিরলসভাবে কাজ করে গেলেও দেশে ফিরে স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন আর পূরণ হলো না তার।

দেড় বছর আগে জন্ম নেওয়া কন্যাসন্তানকে একবারও কোলে নেওয়ার সুযোগ না পেয়েই মালয়েশিয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

মিজানুর রহমান কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা গ্রামের মো. মিলন মিয়ার ছেলে।

তার মৃত্যুর বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করেছেন আচমিতা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুজ্জামান সোয়েব।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে মালয়েশিয়ায় যান মিজানুর। সেখানে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ নিয়মিত পরিবারের কাছে পাঠাতেন। তার পাঠানো অর্থেই পরিবারের নানা প্রয়োজন ও খরচ চলত।

মালয়েশিয়ায় এল অ্যান্ড এল মেটাল স্টেইনলেস স্টিল মিল নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন মিজানুর। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও রাজধানী কুয়ালালামপুরে কর্মস্থলে ছিলেন তিনি। বিকালে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়।

মিজানুরের মৃত্যুর খবর দেশে পৌঁছালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। বিশেষ করে দেড় বছর বয়সী কন্যাসন্তানকে ঘিরে পরিবারে নেমে আসে গভীর শোক। 

পরিবারের সদস্যরা জানান, মিজানুরের উপার্জনের ওপর অনেকটাই নির্ভরশীল ছিল পরিবারটি।

মিজানুরের সহকর্মী প্রবাসী মোহাম্মদ উজ্জল মিয়া জানান, বৃহস্পতিবার বিকালে কর্মস্থলে হৃদ্‌রোগে আক্রান্ত হন মিজানুর। পরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

মেয়ের জন্মের পরও দেশে ফেরার সুযোগ হয়নি উল্লেখ করে মিজানুরের বাবা মিলন মিয়া বলেন, দেড় বছর আগে তার ছেলে একটি কন্যাসন্তানের বাবা হয়েছিলেন। দীর্ঘ প্রবাসজীবনে তিনি মেয়েকে দেখার অপেক্ষায় ছিলেন।

তিনি বলেন, “আমার নাতনির জন্মের পর তার বাবা তাকে দেখতে পারেনি, কোলে নিতে পারেনি। মেয়েটা বাবার আদর থেকে বঞ্চিত হলো।”

তিনি আক্ষেপ করে বলেন, “আমার ছেলে পরিবারের জন্য বিদেশে গিয়ে এত বছর কাজ করেছে। এখন তার মরদেহটাও আমাদের কাছে নেই।”

ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

আচমিতা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুজ্জামান সোয়েব বলেন, “মিজানুরের মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা প্রয়োজন।”

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা