× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাট জেলা হাসপাতালে নেই চক্ষু চিকিৎসক, ভোগান্তিতে রোগীরা

শেখ আরিফুল ইসলাম, বাগেরহাট

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৩:০২ পিএম

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ছয় বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালটিতে চক্ষু বিশেষজ্ঞের দুটি অনুমোদিত পদ থাকলেও দীর্ঘদিন ধরে তা শূন্য। 

এতে চোখের নানা সমস্যা নিয়ে সরকারি এই হাসপাতালে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতাল কিংবা জেলার বাইরে যেতে বাধ্য হচ্ছেন। এ কারণে তাদের চিকিৎসার পাশাপাশি বাড়ছে যাতায়াত ও অন্যান্য খরচ। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য এই বাড়তি ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে।

বাগেরহাটের নয়টি উপজেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন জেলা হাসপাতালটিতে। বিশেষ করে কচুয়া, মোরেলগঞ্জ, রামপালসহ দূর-দূরান্তের রোগীদের অন্যতম ভরসা এই সরকারি হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০ রোগীকে বহির্বিভাগ ও অন্যান্য সেবা দেওয়া হয়। এর মধ্যে চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যাও কম নয়। কিন্তু দীর্ঘদিন ধরে চক্ষু বিশেষজ্ঞ না থাকায় এসব রোগীকে বিশেষায়িত চিকিৎসার জন্য বিকল্প প্রতিষ্ঠানে যেতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য দুটি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে তা শূন্য রয়েছে। দীর্ঘ ছয় বছর ধরে পদ দুটি পূরণ না হওয়ায় সরকারি ব্যবস্থায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার সাধারণ মানুষ।

চোখের সমস্যা নিয়ে জেলা হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হলে তাদের বাগেরহাট শহরের বেসরকারি চক্ষু হাসপাতাল বা ক্লিনিকে যেতে হচ্ছে। আবার উন্নত পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার কিংবা জটিল চিকিৎসার জন্য অনেককে খুলনা বা গোপালগঞ্জে যেতে হয়। এতে একদিকে যেমন চিকিৎসা ব্যয় বাড়ছে, অন্যদিকে সময় ও যাতায়াতের ভোগান্তিও পোহাতে হচ্ছে তাদের।

কচুয়া থেকে চিকিৎসা নিতে আসা রোগী পারমিতা মিত্র বলেন, সরকারি হাসপাতালে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক থাকলে এখানেই চিকিৎসা নিতে পারতাম। চিকিৎসক না থাকায় বাইরে যেতে হচ্ছে। এতে খরচও বেশি পড়ছে।

রোগীর স্বজন সূর্য বলেন, জেলা হাসপাতালেই যদি চক্ষু বিশেষজ্ঞ থাকতেন, তাহলে চোখের সমস্যা নিয়ে বাইরে যেতে হতো না। সরকারি হাসপাতালে এই সেবাটা থাকা দরকার।

রামপাল থেকে চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, চোখের সমস্যা নিয়ে অনেক দূর থেকে জেলা হাসপাতালে এসেছি। সরকারি হাসপাতালে চিকিৎসা করালে খরচ কম হবে- এই আশায় এসেছিলাম। কিন্তু এখানে চক্ষু বিশেষজ্ঞ না থাকায় বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

শুধু চক্ষু বিভাগ নয়, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল সামগ্রিকভাবেই জনবল সংকটে রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের অনুমোদিত পদ ৮৬টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩২ জন। অর্থাৎ অনুমোদিত পদের অর্ধেকেরও বেশি শূন্য রয়েছে।

চিকিৎসক সংকটের পাশাপাশি নার্স ও অন্যান্য কর্মীর ঘাটতিও রয়েছে। নির্ধারিত ২৫০ শয্যার এই হাসপাতালে বিভিন্ন সময়ে ৫০০ থেকে ৫৫০ জন রোগী ভর্তি থাকেন। ফলে নির্ধারিত শয্যার বাইরে অতিরিক্ত রোগী রেখে চিকিৎসাসেবা দিতে হচ্ছে কর্তৃপক্ষকে। এতে চিকিৎসক ও নার্সদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালের জুন থেকে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিভিন্ন আউটসোর্সিং পদে জনবল নিয়োগ দিচ্ছে। এর আওতায় গ্যালন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে বর্তমানে ৬৬ জন আউটসোর্সিং কর্মী কর্মরত রয়েছেন। তবে হাসপাতালের প্রয়োজনের তুলনায় আরও ২৮ জন কর্মীর ঘাটতি রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, প্রয়োজনীয় এসব জনবল নিয়োগ দেওয়া গেলে রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে চাপ কিছুটা কমবে এবং হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম আরও সহজভাবে পরিচালনা করা সম্ভব হবে।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, ডেঙ্গু, হামসহ বিভিন্ন রোগীর চাপ এবং প্রয়োজনীয় জনবলের ঘাটতি- সব মিলিয়ে বর্তমানে চিকিৎসাসেবা পরিচালনায় বাড়তি চাপ তৈরি হয়েছে। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর সংকটের কারণে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালসহ জেলার বাইরের বিভিন্ন হাসপাতালে চলে যাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের শুরুতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। এর আগে পুরোনো ভবনেই চিকিৎসাসেবা দেওয়া হতো। নতুন ভবন ও অবকাঠামোগত সক্ষমতা বাড়লেও প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী না থাকায় অবকাঠামোগত সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞের দুটি অনুমোদিত পদ রয়েছে। বর্তমানে দুটি পদই শূন্য। দীর্ঘদিন ধরে চক্ষু বিশেষজ্ঞ না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি বলেন, জনবল সংকটের মধ্যেও হাসপাতালের পক্ষ থেকে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসছেন। ডেঙ্গু, হামসহ বিভিন্ন রোগীর চাপ রয়েছে। জনবল সংকটে সবকিছু সামাল দিতে আমাদের বেগ পেতে হচ্ছে।

তিনি আরও বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও অনেক সময় ৫০০ থেকে ৫৫০ জন রোগী ভর্তি থাকেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের ঘাটতি রয়েছে। অনুমোদিত ৮৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩২ জন। চক্ষু বিশেষজ্ঞসহ শূন্য পদগুলোতে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হলে রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে।

স্থানীয়দের দাবি, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে দ্রুত চক্ষু বিশেষজ্ঞসহ শূন্য চিকিৎসক পদগুলো পূরণ করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নার্স, আউটসোর্সিং কর্মী ও অন্যান্য জনবল নিয়োগের মাধ্যমে চিকিৎসাসেবার বিস্তৃতি ঘটাতে হবে। এতে জেলার সাধারণ ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারি চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে এবং চোখের চিকিৎসার জন্য তাদের অন্যত্র ছুটতে হবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা