× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জরিমানাই যেন সড়কে চলার ‘বৈধতা’

ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১০:৪৩ এএম

ব্যাটারিচালিত এক অটোরিকশায় চালকের পাশে বসে আছেন একজন ট্রাফিক পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্যাটারিচালিত এক অটোরিকশায় চালকের পাশে বসে আছেন একজন ট্রাফিক পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের বৈধতা না থাকলেও নিয়মিত মামলা ও জরিমানার পরও সড়কে ফিরছে এসব যান। চালকদের একাংশের ভাষ্য, ট্রাফিক পুলিশের জরিমানার রসিদই অনেকটা সড়কে চলাচলের ‘অনুমতি’ হিসেবে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় টোকেন বা মাসিক চাঁদার বিনিময়ে এসব যান প্রধান সড়কে চলাচলের সুযোগ পাচ্ছে; এমন অভিযোগও রয়েছে।

তবে ট্রাফিক পুলিশের দাবি, অভিযান চালিয়ে নিয়মিত ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হচ্ছে। জরিমানা পরিশোধের পর যানবাহন ছেড়ে দেওয়া হলেও চালকদের কাছ থেকে ভবিষ্যতে মূল সড়কে না চলার মুচলেকা নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয়দের ভাষ্য, দ্রুত চলাচল ও সহজে পালিয়ে যাওয়ার সুবিধার কারণে অপরাধীরা কখনও কখনও ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করছে। নগরবাসীর অভিযোগ, এ ধরনের যান দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে। পাশাপাশি অনভিজ্ঞ চালক, অতিরিক্ত গতি ও কারিগরি সীমাবদ্ধতার কারণে এসব যান নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত রিকশার সঠিক সংখ্যা পুলিশের কাছেও নেই। বিআরটিএর কাছেও এ ধরনের যানবাহনের কোনো পরিসংখ্যান নেই। বিভিন্ন সংবাদমাধ্যম ও রিকশা মালিক সমিতির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫০ হাজার থেকে ৬০ হাজার ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল করছে বলে দাবি করা হয়। 

নগরীর বাকলিয়া, চান্দগাঁও, কোতোয়ালি, কালুরঘাট, মোহরা, রাস্তার মাথা, আকবরশাহ, পাহাড়তলী, হালিশহর, টাইগারপাস, বন্দর, ইপিজেড, সল্টগোলা, কাটঘর, ফ্রিপোর্ট, কাজীর দেউড়ি, কাস্টমসহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কে এসব যান চলাচলের অভিযোগ রয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ টোকেন বা লাইনে টাকা দিয়ে মহাসড়ক ও শহরের প্রধান সড়কে রিকশা চালানোর একটি চক্র তৈরি হয়েছে। রাজনৈতিক দলের ব্যানারকে পুঁজি করে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। 

সিএমপির তথ্য মতে, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাটারিচালিত রিকশাসংশ্লিষ্ট দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন, যিনি অভিযানে একটি ব্যাটারিচালিত রিকশা আটক করতে গিয়ে প্রাণ হারান। একই সময়ে আহত হয়েছেন আরও তিনজন সাধারণ মানুষ। এ ছাড়া ট্রাফিক পুলিশের অভিযানে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন ১৩ জন পুলিশ সদস্য।

এ বিষয়ে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন প্রকৌশলী ড. স্বপন কুমার পালিত বলেন, “ব্যাটারিচালিত রিকশা কারিগরি দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব যানের ভারসাম্য নিয়ন্ত্রণ করা কঠিন”।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক-উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত নেছার উদ্দীন আহমেদ বলেন, “মূল সড়কে যাতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে না পারে সে বিষয়ে আমরা সব সময়ই কাজ করছি। প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হচ্ছে। তবু ফাঁকে গুটি কয়েক রিকশা মূল সড়কে উঠে যায়”।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, “ব্যাটারিচালিত রিকশার সাহায্যে ক্রাইম, ঘটনা-দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। আদালত কর্তৃক বাজেয়াপ্ত করার আইন জারি করা হলে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা অনেক কমবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা