তানভীর আহমেদ, গাজীপুর সিটি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১০:১৮ এএম
সালনা-জয়দেবপুর সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গর্ত আর জমে থাকা পানিতে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে গাজীপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সালনা-জয়দেবপুর সড়কটি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে চলাচল।
ফলে এ পথে নিয়মিত চলাচলকারী অনেক যানবাহন এখন সালনা-মারিয়ালি হয়ে বিকল্প পথে চলাচল করছে। এতে বাড়ছে যাত্রীদের যাত্রাপথ ও সময়, ভোগান্তিতে পড়ছেন যাত্রী, চালক ও স্থানীয় ব্যবসায়ীরা।
সড়কটির বিভিন্ন অংশ ঘুরে জানা গেছে, সড়কটির তফিজ উদ্দিন সুপারমার্কেট, বেশিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আব্দুল মান্নান মার্কেট, নতুন বাজার, ফ্রেন্ডস নিটিং কারখানার সামনে, হাজী ফয়েজ মার্কেট দক্ষিণ শালনা, বায়তুল নাজাত জামে মসজিদ ও সালনা নিউ চৌরাস্তা এলাকার পরিস্থিতি সবচেয়ে নাজুক। এসব স্থানে রাস্তার মাঝে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে এসব গর্তে। ফলে যানবাহনকে ধীরগতিতে কিংবা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত। বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশেষ করে গর্তের মধ্যে পানি জমে থাকায় কোথায় কতটা গভীর গর্ত রয়েছে, তা চালকদের পক্ষে বুঝে ওঠা কঠিন।
স্থানীয় অটোরিকশাচালক আসর উদ্দিন বলেন, “অনেক ঘুরে বিকল্প রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যেতে হয়। এর ফলে সময় ও খরচ বেশি হচ্ছে। সিটি কর্তৃপক্ষ ইট-বালি ফেলে আপাতত চলাচলের উপযোগী করে দিলেও কিছুদিন আমরা চলতে পারতাম। এতে আমাদের কষ্ট কিছুটা কমত”।
শুধু যাত্রীবাহী যানবাহন নয়, সড়কটি শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
সড়কের উভয় পাশে রয়েছে অনেক পোশাক কারখানা ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান। প্রতিদিন এ পথে পোশাক কারখানার গাড়িসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী যান চলাচল করে। হাজার হাজার গার্মেন্টকর্মী সারা দিন চলাচল করেন এ রাস্তা দিয়ে। সড়কটির বর্তমান অবস্থার কারণে পোশাক কারখানার পণ্যবাহী যানবাহনেরও সময় ও পরিবহন ব্যয় বাড়ছে।
স্থানীয় সমাজসেবক, ব্যবসায়ী ও সংবাদকর্মী মো. মোবারক হোসেন বলেন, রাস্তাটি প্রায় ১০০ বছরের পুরনো।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সড়কটির গুরুত্ব বিবেচনা করে কয়েক বছর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণের দরকার হলে জেলা প্রশাসন অধিগ্রহণ প্রক্রিয়ায় যেতে চায়। কিন্ত যেহেতু সড়কটির উন্নয়ন বাস্তবায়ন করবে সিটি করপোরেশন, তাই সিটি করপোরেশন কর্তৃপক্ষ চেয়েছিল তারাই জমি অধিগ্রহণ করবে। ফলে এ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা দিলে প্রকল্পটি স্থগিত হয়ে যায়। এরপর সড়কটির উন্নয়নে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এদিকে সড়কটির বর্তমান দুরবস্থার কথা স্বীকার করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব, অঞ্চল-৩ ও ৪) মো. লেহাজ উদ্দিন।
তিনি বলেন, “সড়কটির গুরুত্ব অনুধাবন করে বর্তমান রাস্তাটিকেই ড্রেনসহ সংস্কার করা হবে। ২০ ফুট প্রশস্ত এ সড়কটির জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি টাকা। ইতিমধ্যে কাজের টেন্ডার দেওয়া হয়েছে। ভবিষ্যতে সড়কটি ৬০ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে”।
তবে স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে সংস্কারকাজ দ্রুত শুরু করা এবং শেষ করা দরকার।