প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২১:২৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ২১:২৯ পিএম
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাসচাপায় সিএনজি অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের সড়ক যেন ক্রমেই হয়ে উঠছে মৃত্যুফাঁদ। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। সব মিলিয়ে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
এর মধ্যে ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৭ জন এবং গোপালঞ্জ, যশোর, ফেনী ও বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ
ময়মনসিংহ : নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাসচাপায় সিএনজি অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেনÑ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মিনাল (৫)। তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। পরে মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উভয় যানবাহনের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ : শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের মুন্সি কলিগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে আশরাফ আলী (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার বড় ভাটরা গ্রামের ওহাব আলী মুন্সির ছেলে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত আশরাফ আলীর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
চৌগাছা (যশোর) : শুক্রবার বিকালে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলার বালিগর্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় সোলাইমান হোসেন (১৬) নামে এক কিশোর নিহত এবং দুই কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত সোলাইমান হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। আহতরাও একই গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। আহত দুই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।