আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২১:০৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ২১:০৮ পিএম
আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া দুর্ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার শুরু করেন রেলকর্মীরা। দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করা হয়। এতে করে ডাউন লাইনে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।