প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২০:৫৮ পিএম
প্রতিকী ছবি
দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আমেরিকাপ্রবাসী, মাদ্রাসাছাত্রী, যুবকসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে। প্রতিবেদকদের পাঠানো খবর :
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিরাজুল ইসলাম (৬০) নামের এক আমেরিকাপ্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কোষাকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম উপজেলার কোষাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই। প্রায় ৩৫ বছর ধরে সিরাজুল ইসলাম যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিরাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে রাস্তার ওপর থেকে জুয়েল হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি কাঁচা রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জুয়েল হোসেন আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মো. জুয়েল (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির কোমর মাটির সঙ্গে স্পর্শ করে থাকায় ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। শুক্রবার ভোরে উপজেলার চর ফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ঢাকার বিক্রমপুর এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারায় সাদিয়া (১৬) নামের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মেঘনাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাদিয়া ওই এলাকার ইয়ানুর রহমানের মেয়ে এবং বাহাদুরপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। ভেড়ামারা থানার ওসি শামীম শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।