বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় রুটি ও কলা আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় রুটি ও কলা আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে খাবার খাওয়ার সময় তার গলায় রুটি ও কলা আটকে যায়। পরে কারারক্ষীরা দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চাঁন মিয়া ফকির মোড়েলগঞ্জ উপজেলার ১১ নম্বর বহরবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, সকালে খাবার খাওয়ার সময় চাঁন মিয়ার খাদ্যনালিতে খাবার আটকে যায়। বিষয়টি জানতে পেরে কারারক্ষীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, “কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, “সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”