শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২০:১২ পিএম
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শুক্রবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে এবং জাহাঙ্গীর আলম (৪৪) উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইন একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।
তিনি জানান, গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে আসছে। ফ্লাইটটি গতকাল দুপুর দেড়টায় অবতরণ করে। পরে নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ইতোমধ্যে বিমানবন্দর থানা থেকে গ্রেপ্তার দুই আসামিকে আনতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।