তালতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৯:০৯ পিএম
তালতলীতে নারীর শরীরে আগুনের ছ্যাঁকা দিয়ে টাকা লুটের ঘটনায় রোকন নামের এক মোটরসাইকেলচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনার তালতলীতে এক নারীকে একা পেয়ে ঘরে ঢুকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে শরীরে আগুনের ছ্যাঁকা দিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোকন নামের এক মোটরসাইকেলচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর দুই থেকে তিন সদস্যের একটি দল ওই নারীর বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা তাকে একা পেয়ে জিম্মি করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। পরে ঘরে থাকা টাকা ও স্বর্ণের অবস্থান জানাতে ওই নারীকে ভয় দেখানোর পাশাপাশি শরীরে আগুনের ছ্যাঁকা দেওয়া হয়। এতে তিনি আতঙ্কিত হয়ে ঘরে থাকা টাকা-স্বর্ণালংকারের কথা জানালে দুর্বৃত্তরা টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা রোকন নামের এক মোটরসাইকেলচালককে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করে। তবে মূল হোতা রবিউল নামের একজন টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী মাসুদ বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার জন্য আমার ভাইয়ের কাছ থেকে ২ লাখ ৪০ লাখ টাকা এনে বাড়িতে রেখেছিলাম।’
স্থানীয় নারী ইউপি সদস্য ফাতিমা বেগম জানান, ঘটনাস্থলে ওই নারীর শরীরে তিনি আগুনের ছ্যাঁকার চিহ্ন দেখতে পান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে তালতলী থানার ওসি সাইদুল ইসলাম বলেন, একজনকে আটক করা হয়েছে। ঘটনার জড়িত অন্যদের শনাক্ত ও আটকের ব্যবস্থা নেওয়া হচ্ছে।