ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৮:১৯ পিএম
ভৈরবে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২২টি বসতঘর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২২টি বসতঘর। অগ্নিকাণ্ডে ঘরগুলোতে থাকা টাকা, আসবাবপত্রসহ বেশ কিছু স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে গেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌর শহরের চণ্ডিবের এলাকার কালাম মিয়ার বাড়িতে এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয় যুবসমাজের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ-১২ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর আজিজুল হক রাজন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেশী হেলেনা বেগম ও তাকমিনা বেগম বলেন, ‘চোখের সামনে আমাদের অসহায় স্বজনদের ঘরগুলো পুড়ে গেছে। আমাদের পাকা ঘর থাকায় কোনো রকমে প্রাণে বেঁচেছি।’
স্থানীয় বাসিন্দা আবু বক্কর বলেন, ‘আমি মাগরিবের নামাজ শেষে রাস্তায় দাঁড়ানোর পর চিৎকার-চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখি পাশের বাড়িতে আগুন লেগেছে। যাদের ঘর পুড়েছে, তারা সবাই দিনমজুর, খেটে খাওয়া মানুষ। আজ তারা পথে বসেছে। কেউ আইসক্রিম বিক্রি করে, কেউ চায়ের দোকানে চাকরি করে, আবার কেউ রিকশা-অটো চালায়।’
ময়মনসিংহ-১২ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর আজিজুল হক রাজন বলেন, ‘খবর পেয়ে প্রথমে আমরা ভৈরব বাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসি। আগুনের তীব্রতা দেখে ভৈরব নদীর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশন থেকে আরও একটি ইউনিট আনা হয়। মোট ৪টি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।’