× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ কোটি টাকার শান্তিনিবাস, নির্মাণের তিন বছর পরেও চালু হয়নি

নিয়ন দুলাল, লালমনিরহাট

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৪:১১ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ১৪:১২ পিএম

লালমনিরহাট শহরের কলেজ রোডের পাশে সরকারি শান্তিনিবাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাট শহরের কলেজ রোডের পাশে সরকারি শান্তিনিবাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাট শহরের কলেজ রোডের পাশে সরকারি শিশু পরিবার (বালিকা) চত্বরে প্রায় ৩০ শতক জমির ওপর নির্মাণ করা হয়েছে ‘শান্তিনিবাস’। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা। এটি তিন বছর আগে হস্তান্তর করা হয়। তারপর একদিনের জন্যও ব্যবহার হয়নি।

ফলে অসহায় ও অবহেলিত প্রবীণদের জন্য তৈরি করা সরকারি এই স্থাপনাটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের এই আবাসন প্রকল্পটি ৬০ বছরের বেশি বয়সী অসহায়, পরিত্যক্ত ও অবহেলিত প্রবীণদের নিরাপদ আশ্রয় এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে। কিন্তু ভবন নির্মাণ ও হস্তান্তরের প্রায় তিন বছর পরও সেখানে কোনো প্রবীণের ঠাঁই হয়নি।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শান্তিনিবাসের সব কটি কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ। ভবনের ভেতরে কোনো কার্যক্রম নেই। বিল বকেয়া থাকায় ভবনটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। একই সঙ্গে লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের চুক্তির মেয়াদও শেষ হয়েছে। এতে প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও চালু হয়নি প্রতিষ্ঠানটি।

জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ৮ কোটি ১ লাখ ৪১ হাজার ৩২৯ টাকা ব্যয়ে শান্তিনিবাস ভবনটি নির্মাণ করা হয়। ২০২৩ সালের ৩০ আগস্ট জেলা গণপূর্ত অধিদপ্তর ভবনটি সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করে।

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, ভবনটি লালমনিরহাট শহরের কলেজ রোডের সরকারি শিশু পরিবারের (বালিকা) অভ্যন্তরে প্রায় ৩০ শতক জায়গার ওপর নির্মাণ করা হয়েছে। প্রবীণদের আবাসন, নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সেবা দেওয়ার উদ্দেশ্যেই এটি নির্মাণ করা হয়।

তবে হস্তান্তরের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এটি চালু হয়নি। কেন এত দিনেও কার্যক্রম শুরু করা যায়নি এবং কবে নাগাদ এটি চালু হবে- এ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি টাকায় নির্মিত একটি পূর্ণাঙ্গ ভবন দীর্ঘদিন অব্যবহৃত থাকায় প্রকল্পটির উদ্দেশ্য বাস্তবায়ন এবং সরকারি টাকার কার্যকর ব্যবহার নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক বলেন, এটি মন্ত্রণালয়ের একটি প্রকল্প ছিল। ভবনের অবকাঠামো ঠিক আছে। তবে জনবল সংকটের কারণে এটি এখনও চালু করা সম্ভব হয়নি। জনপ্রশাসনের সম্মতি পাওয়া গেছে। আশা করছি, অসম্পূর্ণ কাজ শেষ করে এটি চালু করা সম্ভব হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ভবনটি বন্ধ থাকায় এর বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় ভবনের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শান্তিনিবাসটি চালু করা না হলে বিপুল সরকারি অর্থে নির্মিত স্থাপনাটি আরও ক্ষতির মুখে পড়তে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা