কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১১:৩০ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ১১:৪৭ এএম
নিয়মবহির্ভূতভাবে সার মজুতের খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দে নির্ধারিত নিয়মের বাইরে ইউরিয়া সার মজুতের অভিযোগে মো. মনিরুল ইসলাম (৪৫) নামে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে তার মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় লোকজনের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে সার মজুতের খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্র ও প্রশাসনের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে অটোরিকশায় করে কয়েক বস্তা ইউরিয়া সার মনিরুল ইসলামের বাড়িতে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে জানান। পরে সেখানে অভিযান চালিয়ে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের সত্যতা পাওয়া যায়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মবহির্ভূতভাবে সার মজুতের সত্যতা পাওয়ার পর আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি মজুত থাকা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।