কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ২১:২১ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ২১:৩৯ পিএম
নিহত মোজাম্মেল হোসেন সুমন। ছবি : প্রবা
কুমিল্লায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
নিহত মোজাম্মেল হোসেন সুমন বাড়েরা ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
রবিবার (৮ জানুয়ারি) দুপুরে তার মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন।
মামলার বরাতে তিনি জানান, শনিবার রাতে সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদের মুদি দোকানে চোর ঢোকে। এসময় পাশের বাড়ির একজন টের পেয়ে সাঈদকে ফোন করে বিষয়টি জানায়। এসময় স্থানীয়রা এসে দোকানের ভেতর থেকে সুমনকে আটক করে পিটুনি দেয়। পরে আহত সুমন রবিবার সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
ওসি আরও জানান, সুমনের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।
নিহতের মা বলেন, ‘আমার ছেলে স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকে। শনিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসার কথা ছিল। কিন্তু রবিবার সকালে জানতে পারি সাতবাড়িয়া গ্রামে আমার ছেলেকে মেরে ফেলে রেখেছে। আমার ছেলে কখনো চুরি-ডাকাতি করেনি। তার ব্যাপারে কেউ কোনো দিন অভিযোগও দেয়নি। তারা কয়েকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।’