× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুধ চুরির অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১০:২২ এএম

নেছারাবাদ ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত দপ্তর সম্পাদক মো. নাদিম মাহমুদ। ফাইল ছবি

নেছারাবাদ ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত দপ্তর সম্পাদক মো. নাদিম মাহমুদ। ফাইল ছবি

নেছারাবাদে স্কুল ফিডিং কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ দুধ চুরির অভিযোগ ওঠার পর মো. নাদিম মাহমুদ নামে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে পিরোজপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে দলীয় প্যাডে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পিরোজপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেছারাবাদ ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. নাদিম মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা শাখার সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে বহিষ্কৃত নাদিম মাহমুদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত শুক্রবার স্কুল ফিডিং কর্মসূচির ৩০ প্যাকেট দুধ চুরি হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি পরবর্তী বুধবার জানাজানি হলে এলাকায় এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে ওই দিন সকালে দুধ চুরির ঘটনায় অভিযুক্ত নাদিম মাহমুদ ও তার দুই বন্ধু বিদ্যালয়ে গিয়ে ৩০ প্যাকেটের মধ্যে ২৭ প্যাকেট দুধ ফেরত দেন বলে জানা গেছে। এ সময় নাদিম মাহমুদ দুধ নেওয়ার বিষয়টি আংশিক স্বীকার করে দাবি করেন, তারা মাত্র তিন প্যাকেট দুধ খেয়েছেন।

ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পিরোজপুর জেলা ছাত্রদলের নজরে আসে। এরপর বৃহস্পতিবার রাতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নাদিম মাহমুদকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা