জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২২:৩৩ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ২২:৩৫ পিএম
ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ফিরতি পথেও আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দিতে যাচ্ছে আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’। ফাইল ছবি
ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ফিরতি পথেও আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দিতে যাচ্ছে আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’।
আগামী ৫ অক্টোবর থেকে ট্রেনটির আপ ও ডাউন উভয় পথেই আক্কেলপুরে নিয়মিত যাত্রাবিরতি কার্যকর হবে। এতে ঢাকা থেকে ফেরার পথে আক্কেলপুরের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় দপ্তর থেকে জারি করা এক সরকারি আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে জানানো হয়, রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের নীতিগত নির্দেশনার আলোকে ৮০৫ নম্বর চিলাহাটি এক্সপ্রেসের আক্কেলপুর স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর (সোমবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে আক্কেলপুর স্টেশনের বিপরীতে আসন বরাদ্দ ও টিকিট বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস রাত ১০টা ৫৫ মিনিটে আক্কেলপুর স্টেশনে পৌঁছাবে। সেখানে দুই মিনিট যাত্রাবিরতির পর ট্রেনটি চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাবে। তবে পরবর্তী স্টেশন জামালগঞ্জ থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেনটির বিদ্যমান সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।
আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদনের চিঠি আজ পেয়েছি। এখন থেকে ট্রেনটি আপ-ডাউন উভয় পথেই আক্কেলপুরে যাত্রাবিরতি করবে।