চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:৩৬ পিএম
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের রাউজানে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘবদ্ধ সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে দিলদার হোসেন (৩৭) নামের এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র, গুলিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাতে ওই এলাকায় জানে আলম ওরফে ডাকাত আলমের বসতঘরের সামনে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতরে থাকা জানে আলম, আজিজ বস, দিলদার হোসেনসহ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলিতে এসআই জান্নাতুন নাঈম রাজন, এসআই খোরশেদ আলম, এসআই বায়েজিদ মৃধা, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই জুয়েল চন্দ্র বিশ্বাস, এএসআই রবিউল হোসেনসহ মোট ১২ পুলিশ সদস্য আহত হন। দিলদার নামে গুলিবিদ্ধ একজনকে গ্রেপ্তার করা হয়।
এসপি মাসুদ আলম বলেন, রাউজান এলাকায় একটি চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে চাঁদা দাবি ও আদায় করার অভিযোগ আসছিল পুলিশের কাছে। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়াপাড়ায় জানে আলমের বাড়িতে পুলিশ অভিযানে যায়। সন্ত্রাসীরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দিলদারকে আটক করতে পারলেও জানে আলম, আজিজসহ তাদের সহযোগীরা পালিয়ে যায়। পরে দিলদারের দেওয়া তথ্যে বাড়ি থেকে একটি দোনলা ও একটি একনলা বন্দুক, ১১৯ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, ছয় রাউন্ড কার্তুজ ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
রাউজান থানার ওসি মো. সাইফুল আলম বলেন, জানে আলম ও আজিজ বসের নেতৃত্বাধীন চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিল। গ্রেপ্তার দিলদারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।