× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলুর বাজারে ধস, হিমাগারেও স্বস্তি নেই

চম্পক কুমার, জয়পুরহাট

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:১৮ পিএম

ভালো দামের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেও শেষ রক্ষা হচ্ছে না জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভালো দামের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেও শেষ রক্ষা হচ্ছে না জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভালো দামের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেও শেষ রক্ষা হচ্ছে না জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীদের। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়ার খরচ মিলিয়ে প্রতি কেজি আলুতে যেখানে ব্যয় পড়ছে ২৩ থেকে ২৪ টাকা, সেখানে বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১৪ থেকে ১৫ টাকায়।

ফলে বস্তাপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এরই মধ্যে হিমাগার থেকে আলু খালাসের সময়সীমা ঘনিয়ে আসায় লোকসানের বোঝা আরও বাড়ার শঙ্কায় দিশেহারা কৃষক-ব্যবসায়ীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫-২৬ মৌসুমে জয়পুরহাটে ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে ৯ লাখ ১৯ হাজার ৫৯৪ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। জেলার ২২টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৯৮২ মেট্রিক টন আলু। হিমাগার কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ১০ নভেম্বরের মধ্যে সব আলু খালাস করতে হবে। এর মধ্যে হিমাগারের যে আলু বিক্রি হয়েছে, তাতেই চাষি ও ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন। ফলে সামনে বাজারদর কেমন থাকে, তার ওপরই নির্ভর করছে কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ।

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, মাঠপর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের ব্যয় হয়েছে প্রায় ১৭ টাকা। এর সঙ্গে হিমাগার ভাড়া ৬ টাকা এবং পরিবহন ও আনুষঙ্গিক খরচ আরও ১ টাকা যোগ হয়ে প্রতি কেজিতে মোট খরচ দাঁড়িয়েছে ২৩ থেকে ২৪ টাকা। অথচ বর্তমান বাজারে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র ১৪ থেকে ১৫ টাকা দরে। ফলে নিজের শ্রম বাদ দিয়েও প্রতি কেজি আলুতে চাষি ও ব্যবসায়ীদের পকেট থেকে ৬ থেকে ৭ টাকা লোকসান গুনতে হচ্ছে ।

পুনট হিমাগারে ৬০০ বস্তা আলু সংরক্ষণ করা কৃষক রফিকুল ইসলাম বলেন, উৎপাদন খরচ, বস্তা কেনা, পরিবহন ও ভাড়াসহ প্রতি বস্তায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা খরচ পড়লেও বাজারে দাম মিলছে মাত্র ৮৫০ টাকা। এতে বস্তাপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা লোকসান হচ্ছে। 

আরেক কৃষক আনিছুর রহমান বলেন, ২ বিঘা ১০ শতক মাটিতে গুটি আলু আর স্টিক আলু লাগিয়েছিলাম। স্টোরে রাখা আলু ৬২ কেজি ওজন ধরে বস্তাপ্রতি ৮৬০ টাকা বিক্রি করেছি। স্টোর ভাড়া ৪২০ টাকা আবার আলু বের করতে শ্রমিকের মজুরি ২০ টাকা, মোট ৪৪০ টাকা খরচ। আলুর বাজারে পুরোটাই ধস নেমে গেছে। 

কৃষক সোহেল হোসেন বলেন, ২০ বস্তা আলু ৮৭০ টাকা দরে বিক্রি করেছি। এর মধ্যে হিমাগার ভাড়া দিতে হয়েছে বস্তাপ্রতি ৩৮০ টাকা। সব খরচ বাদ দিয়ে হাতে পেয়েছি প্রায় ৯ হাজার ৮০০ টাকা। এই আলুতেই প্রায় ৬ হাজার টাকা লোকসান হয়েছে। 

কালাইয়ের ব্যবসায়ী মেহেদুল চৌধুরী বলেন, হিমাগার থেকে বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা ঋণ নিয়ে প্রায় ৮ হাজার বস্তা আলু হিমাগারে রেখেছিলাম। প্রতি বস্তায় ১ হাজার ২২০ থেকে ১ হাজার ২৫০ টাকা খরচ হলেও ৫ হাজার বস্তা বিক্রি করে কোনো লাভ হয়নি, উল্টো লোকসান হয়েছে।

আরেক ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, সেসময় ১২ টাকা থেকে ১৩ টাকা কেজিতে আলু কেনা হয়েছে। এখনও প্রায় ওই রকম দামেই বিক্রি করতে হচ্ছে। হিমাগার ভাড়া, পরিবহন খরচ তো আছেই। 

কালাইয়ের মেসার্স ইসরাত হিমাগারের হিসাবরক্ষক বদিউজ্জামান এবং পুনট হিমাগারের হিসাবরক্ষক এনামুল হক জানান, কম দামের কারণে এবার সব হিমাগার থেকে আলু খালাসের গতি অত্যন্ত ধীর। কৃষক ও ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে আছেন, সাথে আমরাও ঝুঁকি-অনিশ্চয়তার মধ্যে আছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনজু আলম সরকার বলেন, চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন হলেই বাজারে আলুর দাম পতন ঘটে। এই পরিস্থিতি এড়াতে আমাদের আলুর বহুমুখী ব্যবহার বাড়াতে হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা