উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২০:০০ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ২০:০৫ পিএম
ভ্রাম্যমাণ আদালত উল্লাপাড়া উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা ও জব্দকৃত জাল ও আনুষঙ্গিক সামগ্রী পুড়িয়ে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের রতন বর্মনের অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান চালান।
এ সময় তার গুদাম থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল ও জাল তৈরির সামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় রতন বর্মনকে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানকালে উপস্থিত থাকা উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান
জানান, রতন বর্মনকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। রতন
জরিমানার অর্থ পরিশোধ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় তার কারখানাটি সীলগালা করে
দেওয়া হয়। পরে জব্দ করা জাল ও আনুষঙ্গিক সামগ্রী উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে এনে
পুড়িয়ে দেওয়া হয়।
আতাউর রহমান আরও জানান, দীর্ঘদিন ধরে রতন বর্মন তার বাড়িতে কারখানা বানিয়ে অবৈধ চায়না
দুয়ারি জাল তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তাদের কাছে অভিযোগ রয়েছে।