মদন (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৯:১৭ পিএম
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে পিআইও’র অফিস- সরকারি নিয়ম অনুযায়ী কর্মদিবস প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যালয়ে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও তিনি খেয়ালখুশি মতো অফিস করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোণার মদনে সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ুন কবিরের কার্যালয়।
সরকারি নিয়ম অনুযায়ী কর্মদিবস প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যালয়ে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও তিনি খেয়ালখুশি মতো অফিস করছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সরেজমিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা
পর্যন্ত একাধিকবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়েও তাকে
পাওয়া যায়নি। এ সময় তার কক্ষ ফাঁকা থাকলেও ভেতরে সরকারি ফ্যান চলতে ও একাধিক
লাইট জ্বলতে দেখা যায়। অভিযোগ রয়েছে, প্রতি বৃহস্পতিবার তিনি কর্তৃপক্ষের অনুমতি
না নিয়েই অসুস্থতার অজুহাতে অনুপস্থিত থাকেন। এতে সরকারি কার্যক্রম ব্যাহত হচ্ছে
এবং সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাপ্রার্থী জানান, ‘আমি
সকালে একটি কাজে পিআইও সাহেবের অফিসে এসেছিলাম, দুপুর পর্যন্ত অপেক্ষা করেও তাকে
পাইনি।’
এ বিষয়ে জানতে তার কার্যালয়ে কর্মরতদের সঙ্গে
যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরের
মুঠোফোনে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম
বলেন, ‘কর্তৃপক্ষের ছুটি না নিয়ে অফিস সময়ে অনুপস্থিত থাকা কোনোভাবেই ঠিক নয়।
বিষয়টি আমি দেখব।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমিনের সঙ্গে
কথা বললে তিনি জানান, ‘পিআইও হুমায়ুন কবির আজ আমার কাছ থেকে কোনো ছুটি নেননি। তবে
খালিয়াজুরিতে থাকতে পারেন।’
তার এমন বক্তব্যের পর খালিয়াজুরি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখানকার অফিস সহকারী জানান, তিনি সেখানেও নেই।