× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতৃত্বে এমপি জসিম

নৈরাজ্য ঠেকানোর কর্মসূচিতে ‘বাধা’, নেতাদের ‘লালকার্ড’ বিএনপির এমপিদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৫:৩৭ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১৬:৩০ পিএম

সংসদ সদস্য এনামুল হক,জসিম উদ্দিন এবং সরওয়ার জামাল নিজাম । কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সংসদ সদস্য এনামুল হক,জসিম উদ্দিন এবং সরওয়ার জামাল নিজাম । কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও জনজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে সমাবেশ আহ্বান করেছেন বিএনপির দক্ষিণ চট্টগ্রামের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজারের এ জে চৌধুরী কলেজ মাঠে সমাবেশ আহ্বান করা হয়েছে। সমাবেশের পর বিক্ষোভ মিছিলও করার কথা আছে।

তবে সমাবেশে ডাক না পেয়ে চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা এর বিরোধীতা করেছেন। তারা সংসদ সদস্যদের এ কর্মসূচিকে সাংগঠনিক নিয়ম ও দলীয় শৃঙ্খলার ব্যত্যয় হিসেবে দেখছেন।

জানা গেছে, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ) আসনের জসিম উদ্দিন সমাবেশের মূল আয়োজক। তাদের সঙ্গে দুজন সংসদ সদস্য প্রার্থীও থাকার কথা রয়েছে। যারা নির্বাচিত হতে পারেননি। তারা হলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ নাজমুল মোস্তফা আমিন ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তবে তাদের বিষয়টি চূড়ান্ত হয়নি।

সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বললেন, “আমরা দক্ষিণের এমপিরা সবাই একসাথে একটা মিটিং ডেকেছি। আমরা মনে করি বিদ্যমান পরিস্থিতিতে বড় ধরনের একটা সাংগঠনিক কর্মসূচি হওয়া দরকার।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন বললেন, “এমপি সাহেবরা একটা মিটিং ডেকেছেন বলে শুনেছি। তবে আমরা সাংগঠনিকভাবে বিষয়টি অবগত নই। কেন্দ্র থেকে নির্দেশনা আছে প্রত্যেক জেলা-উপজেলায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে কর্মসূচি পালনের। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় প্রোগ্রাম করতে পারতেন। কিন্তু তারা দক্ষিণ জেলা কমিটিকে না জানিয়ে একসঙ্গে যেভাবে সমাবেশ ডেকেছেন, সেটা সাংগঠনিক নিয়মের মধ্যে পড়ে না। দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল।”

গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা হয়েছে। সভায় সংসদ সদস্যদের সমাবেশ আহ্বানের বিষয়টি আলোচনায় উঠে আসে। এতে কমিটির শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করেন। পাল্টা সমাবেশ করার পক্ষেও মত দেন নেতাদের কেউ কেউ।

নাম প্রকাশে অনাগ্রহী দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সিনিয়র সদস্য বললেন, “এমপি সাহেবরা সম্মিলিতভাবে আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখানে সমস্যা হচ্ছে সংসদ সদস্যদের সঙ্গে আহ্বায়ক ও সদস্য সচিবের কোন্দল। আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিছের বাড়ি পটিয়ায়। সেখানকার এমপি এনাম সাহেবের সঙ্গে উনার দূরত্ব আছে। হেলাল সাহেবের বাড়ি আনোয়ারায়। উনার সঙ্গে সরওয়ার জামাল নিজাম সাহেবের দূরত্ব আছে। সমাবেশের মাধ্যমে তারা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অনাস্থা দেখাতে চান।”

আহ্বায়ক কমিটির সভায় সংসদ সদস্যদের তুমুল সমালোচনা করা হয়েছে বলেও জানান এ নেতা। তিনি বললেন, “এমপিরা যেসময় যেখানে সমাবেশ করবেন, দক্ষিণ জেলার পক্ষ থেকে একইসময়ে পাল্টা আরেকটি সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছিল। তবে সেটা বোধহয় হচ্ছে না। আহ্বায়ক কমিটির নেতাদের কেউ কেউ সংসদ সদস্যদের সঙ্গে আছেন। আমি নিজেও সমাবেশে উপস্থিত থাকব।”

পাল্টা সমাবেশের বিষয়ে জানতে হেলাল উদ্দিন বললেন, “পাল্টাপাল্টি নয়। বৃহস্পতিবার এমনিতেই আমাদের সমাবেশ করার কথা ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কৃষিকার্ড বিতরণ উদ্বোধনের একটা প্রোগ্রাম আছে। ঢাকায় সেটা হবে। সারাদেশ থেকে নেতাকর্মীরা অনলাইনে যুক্ত থাকবেন। চট্টগ্রামে হাটহাজারীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সেখানে আমন্ত্রিত। সেজন্য দলীয় কর্মসূচি সম্ভব হচ্ছে না।”

সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বললেন, “আমাদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। দলের মধ্যেও কোনো বিরোধ নেই। কমিটির অনেক নেতাও আমাদের সমাবেশে থাকবেন।”

এ বিষয়ে বক্তব্য জানার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিছকে মোবাইলে কল করা হলে তিনি ব্যস্ততার কথা বলে এড়িয়ে যান।

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৬ মে ৫৪ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ করা হয় সেই কমিটি। পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনামও আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আছেন।

আহ্বায়ক ও সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভূমি প্রতিমন্ত্রী মীর মোহম্মদ হেলাল উদ্দীনের ঘরানার নেতা হিসেবে পরিচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা