রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৪:৩৪ পিএম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘ ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ বিগত সরকার পঙ্গু করে দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘ ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ বিগত সরকার পঙ্গু করে দিয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র পঙ্গু হয়ে
যাওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো অনিয়ম, দুর্নীতি
ও অসামঞ্জস্য রয়েগেছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুড়িগ্রামের
রাজারহাট উপজেলা কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কুড়িগ্রামকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ জেলা থেকে সরকার কোনো আসন
না পেলেও উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে অবহেলা করা হবে না। কারণ, এটি দেশের একটি পশ্চাৎপদ
জেলা। এখানকার অনেক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন।’
তিনি আরও বলেন, কুড়িগ্রামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র্য কমাতে সরকার বিভিন্ন
প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানোর
পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থা তৈরি হবে।
মন্ত্রী রাজারহাট উপজেলা কমপ্লেক্সের ভবনটি পরিদর্শনের সময় কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।