× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে র‌্যাবিস টিকা লাপাত্তা

তানভীর আহমেদ, গাজীপুর

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১১:৫৯ এএম

র‌্যাবিস টিকা। ছবি: উইকিপিডিয়া

র‌্যাবিস টিকা। ছবি: উইকিপিডিয়া

বর্তমানে বেওয়ারিশ কুকুরের উপদ্রব গাজীপুরে অনেক বেশি। পাশাপাশি এসব কুকুরের আক্রমণে আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক। দুইয়ে মিলে স্থানীয় পর্যায়ে জনজীবনে কুকুর ভীতি বিরাজ করছে। গাজীপুরের পাড়া-মহল্লা, অলিগলি, এমনকি মহাসড়কে চলাচলকারি গাড়িতেও কুকুর হামলে পড়ার দৃশ্য এখন নিত্যদিনের ঘটনা।

গাজীপুর সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রাপ্ত টিকা চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। তিনি বলেন, জেলা সদর হাসপাতাল ব্যাতীত চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচশ করে মোট ২ হাজার এআরভি (অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন) টিকা সরবরাহ করা হয়। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮২টি, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৫টি, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮টি ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮২টিসহ মোট ৩৩৭টি টিকা দেওয়া হয়েছে।

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলামের বরাত দিয়ে স্টোরম্যান সুজন মিয়া জানান, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭ হাজার ৩০০ র‌্যাবিস টিকা সরবরাহ করা হয়েছে। এর মধ্যে অবশিষ্ট আছে দুই থেকে আড়াইশোর মতো। পাশাপাশি গাজীপুর জেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যাও প্রায় দশ হাজার। যদিও প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ানের সাক্ষরিত পত্রের মাধ্যমে দেশের সমস্ত জেলা ভেটেরিনারি হাসপাতালের অনুকূলে কুকুরের জলাতঙ্ক ভাইরাস রোধে র‌্যাবিস টিকা প্রদানের বরাদ্দাদেশ দেওয়া হয়।

এর মধ্যে গাজীপুর ভেটেরিনারি হাসপাতালের চাহিদা ছিল ২ হাজার টিকা। তবে গাজীপুর ভেটেরিনারি হাসপাতালের অনুকূলে বরাদ্দ হওয়া দুই হাজার টিকা পাননি বলে জানান, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কাজী আলমীর হোসেন। পাশাপাশি জেলা ভেটেরিনারি অফিসার ডা. কাজী আলমগীর আরও বলেন, কুকুরের টিকা প্রদান করার দায়িত্ব সিটি করপোরেশন ও জেলা প্রশাসক কার্যালয়ের। ডা. কাজী আলমীর হোসেন আরও নিশ্চিত করেন, বিগত ২০২৪, ২০২৫ ও চলতি ২০২৬ সাল নাগাদ কোনো র‌্যাবিস টিকা তারা পাননি।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ড. আব্দুল আজিজ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এই মুহূর্তে বাহিরে। তবে সম্ভবত গত বছর ষাট হাজারের মতো টিকা সারা দেশের জেলা ভেটেরিনারি হাসপাতালে দেওয়া হয়েছিল”।

রোগাক্রান্ত বেওয়ারিশ কুকুর থেকে জলাতঙ্ক রোগ ছাড়াও অন্য রোগবালাই ছড়ানোর সম্ভাবনা আছে বলে জানান কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমান।

তিনি বলেন, “কুকুরের দাঁতে বা নখে থাকা ক্লোস্ট্রিডিয়াম টিটানি ব্যাকটেরিয়া ক্ষতস্থানের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। কুকুরের মুত্র বা তার সংস্পর্শে আসা পানির মাধ্যমে লেপ্টোস্পাইরোসিস ব্যাকটেরিয়াজনিত রোগ মানুষের শরীরে প্রবেশ করতে পারে, যা থেকে জ্বর ও কিডনি সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। এবং রিংওয়ার্ম বা দাদ এটি একটি ছত্রাকজনিত চর্মরোগ। কুকুরের ত্বকের সঙ্গে সরাসরি ত্বকের সংস্পর্শে এলে মানুষের গায়ে গোল গোল খসখসে লাল দাগ ও চুলকানি হতে পারে”।

টিকা পাওয়া, না পাওয়ার এমন দোলাচলে দেখা যায়Ñ চিকিৎসা নিতে আসা গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের জোড়পুকুর এলাকার সোমা আক্তারকে।

আলাপকালে তিনি বলেন, “আমার মেয়ে ঈশা (৫), স্কুল থেকে ফেরার পথে কিছু কুকুর তাকে তাড়া করে। এ সময় হুলস্থুলের মধ্যে তার পায়ে কুকুরের আঁচড় লাগে”।

গাজীপুর বারের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আজিজ বলেন, “বর্তমানে কুকুরের সংখ্যা ভয়ানক রকম বেড়েছে। এদের আক্রমণের সংখ্যাও কম নয়। তাই কুকুর যেন মানবজীবনের হুমকি না হয় সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়া উচিত”।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমতুল্লাহ বলেন, “আমরা গত মাসিক সভায় এ বিষয়ে আলোচনা করে করেছি। শীঘ্রই আমরা কুকুরের বিষয়ে কাজ শুরু করব”।

গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, “এ বিষয়গুলো সিভিল সার্জন ও জেলা ভেটেরিনারি অফিসার দেখেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা