ঝিনাইদহ সদর হাসপাতাল
প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ০০:৪১ এএম
২৫০ শয্যা ঝিনাইদহ জেনারেল হাসপাতাল। ফাইল ছবি
ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৯ কোটি টাকার একটি দরপত্রে (টেন্ডার) অস্বাভাবিক শর্ত জুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ঠিকাদারদের অভিযোগ, নির্দিষ্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) লঙ্ঘন করে এসব শর্ত দেওয়া হয়েছে। এতে স্থানীয় ঠিকাদারেরা দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে হাসপাতালের রোগীদের ওষুধের জন্য ৬ কোটি এবং লিনেন সামগ্রী, সার্জিক্যাল যন্ত্রপাতি ও আসবাবপত্র সরবরাহের জন্য ৩ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়।
বঞ্চিত ঠিকাদারদের অভিযোগ, কাজের জন্য ৯৬টি আইটেমের নমুনা (স্যাম্পল) জমা দিতে বলা হয়েছে। এসব নমুনা সংগ্রহ করতেই ৫ থেকে ৬ লাখ টাকা খরচ হবে। কাজ না পেলে ঠিকাদারদের এই বিপুল অঙ্কের টাকা পুরোপুরি অপচয় হবে। মূলত প্রতি বছরের মতো এবারও বাইরের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতেই এই শর্ত দেওয়া হয়েছে।
শরিফুল ইসলাম নামের স্থানীয় এক ঠিকাদার অভিযোগ করেন, রাজশাহীর একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মোস্তাফিজুর রহমান এক কোটি টাকা আর্থিক সুবিধা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া দরপত্রের বিজ্ঞাপনও তিনি তার পছন্দের নামমাত্র পত্রিকার সাংবাদিকদের দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।
এমন পরিস্থিতিতে ভুক্তভোগী ঠিকাদারেরা বর্তমান দরপত্র প্রক্রিয়া বাতিল করে বিধিমালা সরল করার দাবি জানিয়েছেন। সব ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে তারা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতিটি কাজেরই কোনো না কোনো শর্ত থাকে।’ ঠিকাদারের কাছ থেকে এক কোটি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি কোনো টাকা গ্রহণ করিনি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’