প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৭ পিএম
প্রতিকী ছবি
পৃথক ঘটনায় একাধিক মামলার আসামি হত্যাকাণ্ডের শিকার, ছুরিকাঘাতে কিশোর খুন, স্ত্রীকে পিটিয়ে স্বামীর হত্যা। অন্যদিকে দুটি মরদেহ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
বগুড়া : বগুড়ায় একাধিক মামলার আসামি রাকিবুল হাসান বকুল ওরফে ল্যাংড়া বকুলকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে সদরের ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত রাকিবুল হাসান বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার মৃত গনি প্রামাণিকের ছেলে। পুলিশের দাবি, নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি মাদক কারবারের সঙ্গেও জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম : এলাকায় আধিপত্য নিয়ে সিনিয়র-জুনিয়রের দ্বন্দ্বে হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এই ঘটনা ঘটে। খুলশী থানার ওসি আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান। নিহত হৃদয় ওই এলাকার বাসিন্দা। সে দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশের ফুটপাতে সবজি বিক্রি করত এবং পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকত।
ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে তাৎক্ষণিক আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামান্না ইসলাম তন্নি (২০) দেউলাবাড়ি ইউনিয়ন উত্তর খিলগাতি গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী রোমান মিয়া মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শিবরামবাড়ি গ্রামের তুলা মিয়ার ছেলে। ঘাটাইল থানার ওসি মোকসেদুর রহমান বলেন, অভিযুক্ত রোমানকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুল্লাহ শেখ (২৩) ওরফে নাসিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে এশিয়ান হাইওয়ের সড়কে (ঢাকা বাইপাস) চেঙ্গাইন এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির প্রায় ৩০০ মিটার দক্ষিণে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত হাবিবুল্লাহ শেখ নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার মোশারফ হোসেন ও নাজমা বেগমের ছেলে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বুধবার ইমাম রেজা (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি তাকে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ইমামের মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলেও তার স্বজনরা দাবি করেছেন। ইমামের বাড়ি বরিশাল জেলায় হলেও সে সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে মামাবাড়ি এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। তার বাবার নাম জহিরুল মৃধা। তিনি গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলেন।