× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে কাপ্তাইয়ের বীর তনচংগ্যার ইতিহাস

অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি)

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৫ পিএম

সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেলে চড়ে হিমালয়ের এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন বাংলাদেশি সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেলে চড়ে হিমালয়ের এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন বাংলাদেশি সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেলে চড়ে হিমালয়ের এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন বাংলাদেশি সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন রাঙামাটির কাপ্তাইয়ের এই বাসিন্দা।

এর আগে গত ১৬ আগস্ট সকাল ৮টা ৩৯ মিনিটে কক্সবাজারের কবিতা চত্বর বিচ থেকে যাত্রা করেন তিনি। সেখান থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর, ভারতের শিলিগুড়ি করিডোর পার হয়ে মাত্র ৩৮ দিনের মাথায় তিনি পৌঁছেন এভারেস্টের বেজ ক্যাম্পে। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা বীর কুমার সমুদ্রপৃষ্ঠ থেকে স্থলপথে সাইকেলে এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছানো প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট বলে দাবি করেছেন।

বীর কুমারের এই অভিযানের নাম ছিল ‘সি টু হিমালয়াস এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস।’ দীর্ঘ এই যাত্রায় তীব্র ঝড়-বৃষ্টি, খাড়া উঁচু পাহাড়ি ট্রেইল এবং উচ্চতাজনিত প্রতিকূল আবহাওয়া সামলাতে হয়েছে তাকে। তবে শুধুই অ্যাডভেঞ্চার নয়, বীর কুমারের এ অভিযানের পেছনে ছিল বড় মানবিক ও পরিবেশগত উদ্দেশ্য। 

বীর কুমার ফেসবুক পোস্টে লিখেন, রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে সচেতনতা তৈরি, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনাকে বিশ্বের সামনে আনাও ছিল এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।

এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে কৃতজ্ঞতা প্রকাশ করে বীর কুমার বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়। দীর্ঘ অভিযাত্রায় দেশবাসীর ভালোবাসা ও শুভকামনা আমাকে সাহস জুগিয়েছে। নিজের লক্ষ্যগুলো পূরণ করে দেশের লাল-সবুজের পতাকা হাতে নিয়ে নিরাপদে দেশে ফিরতে চাই।’

এদিকে এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছানোর আগে বীর কুমার হিমালয়ের আরও দুটি দুর্গম চূড়া জয় এবং একটি বিপজ্জনক গিরিপথ অতিক্রম করেন। গত ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টা ৩৫ মিনিটে তিনি ৫ হাজার ৮৩ মিটার উচ্চতার নাংকার্তশাং পিক জয় করেন। পরদিন ১৯ সেপ্টেম্বর বিকাল ৪টা ৫১ মিনিটে জয় করেন ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার ছুকুং রি পিক। এরপর ২১ সেপ্টেম্বর দুপুর ১টা ৫৩ মিনিটে ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতার দুর্গম কংমা লা পাস অতিক্রম করেন।

প্রসঙ্গত, সামাজিক সংগঠন ‘কাপ্তাই ব্লাডব্যাংক’ ও ‘ওয়াগ্গা ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা বীর কুমার তনচংগ্যা দীর্ঘদিন ধরেই রক্তদান, মানবসেবা ও পরিবেশ বিষয়ক নানা সচেতনতামূলক কাজে যুক্ত। এর আগেও তিনি সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া ক্রস-কান্ট্রি রুট ভ্রমণ করেছেন। এ ছাড়া ভারতজুড়ে ১০টি রাজ্যে সাইকেল চালিয়ে ২০২৩-২৪ সালে ৭১ দিনে প্রায় ৫ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা