এমআর ইসলাম রতন, নওগাঁ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬ পিএম
নওগাঁ সদর উপজেলার ফতেপুর (১ম) উচ্চ বিদ্যালয় চত্বরে বুধবার চাকরি থেকে অবসরের দিনে তাকে দেওয়া হলো রাজকীয় বিদায় সংবর্ধনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
স্কুলের সামান্য আয়া পদে চাকরি করলেও শেফালি বেগম ছিলেন সবার নয়নের মণি। একদিকে শিক্ষকদের প্রয়োজনীয় কাজের তাড়া, অন্যদিকে শত শত চঞ্চল শিক্ষার্থীর হইচই। সবকিছুর মাঝে একচিলতে শান্তির ছায়া হয়ে যেন দাঁড়িয়ে থাকতেন তিনি। দীর্ঘ ৩৪ বছরের একনিষ্ঠ সেবায় হয়ে উঠেছিলেন সবার প্রিয় ‘শেফালি খালা’।
বুধবার চাকরি থেকে অবসরের দিনে তাকে দেওয়া হলো রাজকীয় বিদায় সংবর্ধনা। এ আয়োজন ঘিরে নওগাঁ সদর উপজেলার ফতেপুর (১ম) উচ্চ বিদ্যালয় চত্বরে তৈরি হয় এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশ, যা সচরাচর কোনো বড় কর্মকর্তার বিদায়বেলায়ও দেখা যায় না।
ব্যক্তিগত জীবনে ছিলেন অবিবাহিত। সংসারহীন জীবনে তাই বিদ্যালয়ই হয়ে উঠেছিল শেফালির পরিবার। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকেই তিনি নিজের সন্তান মনে করতেন। পরম স্নেহে শিক্ষার্থীদের টিফিনের খোঁজ নেওয়া, মায়ায় জড়িয়ে তাদের ভুল-ত্রুটি শুধরে দেওয়া আর কেউ অসুস্থ হলে মায়ের মতো পরম যত্নে আগলে রাখার কারণে তিনি ছিলেন সবার নয়নের মণি। শিক্ষকদের ফরমায়েশ খাটতে গিয়ে নিজের ক্লান্তিকেও কখনও প্রশ্রয় দেননি তিনি।
তাই শেফালি বেগমের অবসরের দিনে বিদ্যালয়জুড়ে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থী সবাই ছিলেন অশ্রুসজল। যে মানুষটি এতগুলো বছর ধরে আড়ালে থেকে নিঃশব্দে বিদ্যালয়ের কার্যক্রম সচল রেখেছিলেন, তার ত্যাগের যথাযথ মূল্যায়ন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদায় অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। শ্রদ্ধার স্মারক হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা উত্তরীয়, নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী।
দুপুরে বিদ্যালয়ের আঙ্গিনায় আড়ম্বরভাবে তার বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূর-ই-আলম মিঠু। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লিটন হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী।
নূর-ই-আলম মিঠু বলেন, শেফালি বেগম আমাদের বিদ্যালয়ের শুধু একজন কর্মচারী ছিলেন না, তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের অন্যতম এক স্তম্ভ। দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি যেভাবে প্রতিটি শিক্ষককে সম্মান করেছেন এবং প্রতিটি শিক্ষার্থীকে সন্তানের মতো ভালোবেসে আগলে রেখেছেন, তা আমাদের সবার জন্য এক অনন্য অনুপ্রেরণা। পদের দিক থেকে কেউ বড় বা ছোট হতে পারে, কিন্তু তার কর্তব্যপরায়ণতা এবং মমত্ববোধ আমাদের সবার চেয়ে অনেক উঁচুতে। তার এই নিঃস্বার্থ সেবার ঋণ ফতেপুর উচ্চ বিদ্যালয় কোনোদিন শোধ করতে পারবে না। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। বিদায়ী বক্তব্যে শেফালি বেগম সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের সবচেয়ে মানবিক ও চোখ জুড়ানো দৃশ্যটি তৈরি হয় এরপর। একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে শেফালি বেগমকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। যাওয়ার বেলায় শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে সম্মান জানান। এ সময় শিক্ষার্থীদের কান্না আর ভালোবাসায় আবেগাপ্লুত হন শেফালি বেগমসহ অনেকেই।