ভোলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৪ পিএম
নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোলা জেলা শিক্ষক সমাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোলা জেলা শিক্ষক সমাজ।
বুধবার দুপুর ১২টার দিকে ভোলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেছেন জেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক সমাজ।
সংবাদ সম্মেলনে তারা বলেন, অধ্যক্ষ মহিউদ্দিন মনপুরা উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। এ কলেজে অভিযুক্ত সেলিম নৈশপ্রহরী পদে ২৭ জুলাই, ২০০২ সালে নিয়োগপ্রাপ্ত হন এবং ১ আগস্ট, ২০০২ সালে চাকরিতে যোগদান করেন। ২০২২ সালে ১৭ জুলাই সেলিমের এমপিওভুক্ত হয়। কিন্তু হঠাৎ ১৮/০৭/২০২২ সেলিম মৌখিকভাবে নিজেকে এমএলএসএস পদ দাবি করে নৈশ প্রহরীর সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। পরে কলেজ কর্তৃপক্ষ ১৮/০৭/২০২২ তার নৈশ প্রহরী কর্মে অনুপস্থিত থাকায় হাজিরা খাতায় অনুস্থিত দেখানো হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্ব পালনে অনুপস্থিতি, কর্তব্যে অবহেলা ও অসদাচরণের অভিযোগের কারণে কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। পরবর্তী সময়ে ২ এপ্রিল, ২০২৩ তারিখে সেলিমের চাকরিচ্যুতির অনুমোদনের জন্য বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়।অধ্যক্ষ মহিউদ্দিন পরবর্তী সময়ে ২৪ জুন, ২০২৪ তারিখে মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। পরের দিন ২৫ জুন ভোলা সদরের নাজিউর রহমান কলেজ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
তিনি আরো জানান, সেলিম পূর্বের ঘটনাটি অধ্যক্ষের ওপর চাপিয়ে দেন সেলিম। পরে গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে, মনপুরা উপজেলা মডেল মসজিদ এশার নামাজ ও তাবলিগের কার্যক্রম শেষে অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি হত্যার উদ্দেশ্যে মারধর করতে থাকে। লাঠির আঘাতে মাথায় জখম, ডান হাতের বৃদ্ধা আঙ্গুলীর হাড় ভেঙে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়। ঘটনার পর থেকে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন শিক্ষক সমাজ।এ সময় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।