ফেনী প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩ পিএম
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান কাল বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
এর মধ্যে রয়েছে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ।
সফরসূচি অনুযায়ী, প্রথমে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন। পরে দুপুরে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর ফুলগাজীতে জেলা পরিষদের ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করবেন। বিকেলে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার বিকেলে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরশুরাম ও ফুলগাজীতে সভাস্থল পরিদর্শন করে প্রস্তুতি সরেজমিনে দেখেন। এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রীও পরশুরাম ও ফুলগাজীতে সভাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল্লাহ জানান, জেলায় মোট ৫ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ১২ জন সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে ১০ জন প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড নেবেন।
ফেনীর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাশেম জানান, ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৫১০ জন অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের মহিলা প্রধানকে ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। তারা সমাবেশে উপস্থিত থাকার কথা। তাদের মধ্যে ১০ জন প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড গ্রহণ করবেন। বাকিদের কার্ডের টাকা তাদের মোবাইল ফোনে চলে যাবে।
ফেনীর ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব জানান, জেলায় ২৭৫ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্য থেকে ছয়জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, দুজন সেবায়েত এবং দুজন পুরোহিত প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানী গ্রহণ করবেন।
এর আগে ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তা স্থগিত করে ১ অক্টোবর সফরের তারিখ পুনর্নির্ধারণ করা হয়।