গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন চুরির পর বাসে করে ঢাকায় পালানোর সময় আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় বুধবার সকাল ১১টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার সৈয়দপাড়া গ্রামের আলামিন (৩০), পাঠানপাড়া গ্রামের ইসরাফিল রহমান (২৭), বাকলিয়া থানার সিএমপি বাকলিয়া গ্রামের আক্কাস আলী (৩৫), পতেঙ্গা থানার ইসমাইল ফয়েজ রোডের রিদয় (৩৪), নরসিংদীর রায়পুর থানার চর মদিনানগর গ্রামের ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চকবাস মোল্লাবাড়ী গ্রামের ইয়াসিন আরাফাত (৩৮), কুমিল্লার চান্দিনা থানার নওয়াতপুর গ্রামের রবিউল (৩৩) এবং মুরাদনগর থানার কামাল্লা গ্রামের আলাউদ্দিন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে একদল চোর ধুনট উপজেলা শহরের ইছামতি কমপ্লেক্সের মাসুদ টেলিকমের শাটার কেটে দোকানে ঢোকে। পরে ৯৪টি মোবাইল ফোন চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় শেরপুরের দিকে চলে যায়। সেখান থেকে শ্যামলী পরিবহনের বাসে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ যৌথভাবে গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায়। পরে বাসটিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।