কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২ পিএম
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। এর আগে তিন দফা অভিযান চালিয়ে কুমিল্লা মহানগরীসহ ১৮ থানা থেকে ১ হাজার ২৯৪ জনকে আটক করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গতকাল বুধবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন চিহ্নিত স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, অভিযানে আটক ৩৭৯ জনের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডর সঙ্গে তাদেন সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত জেলা পুলিশের এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।