× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঙ্গরা উপস্বাস্থ্য কেন্দ্র

ডাক্তার অনিয়মিত, পুরো সময় থাকেন না

এন এ মুরাদ, মুরাদনগর (কুমিল্লা)

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৮ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৮ পিএম

উপসহকারী মেডিকেল কর্মকর্তা এনামুল হক চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপসহকারী মেডিকেল কর্মকর্তা এনামুল হক চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না পেয়ে রোগীরা ক্ষুদ্ধ, তাদের মধ্যে সঞ্চার হয়েছে ক্ষোভের। দীর্ঘদিন ধরে ডাক্তারের অনিয়মিত উপস্থিতির অভিযোগে ব্যাহত হচ্ছে প্রায় ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা। 

প্রত্যন্ত এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসার এই স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেক রোগীকে।

স্বাস্থ্যকেন্দ্রের সেপ্টেম্বর মাসের হাজিরা খাতা পর্যালোচনা করে দেখা যায়, ১ ও ২ সেপ্টেম্বর ডাক্তারের উপস্থিতির সই রয়েছে। এরপর রবিবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত হাজিরা খাতায় আর কোনো সই পাওয়া যায়নি।

স্থানীয় রোগীদের অভিযোগ, উপসহকারী মেডিকেল কর্মকর্তা এনামুল হক চৌধুরী নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। মাঝেমধ্যে স্বাস্থ্যকেন্দ্রে এলেও এক থেকে দুই ঘণ্টা অবস্থান করে চলে যান। ফলে নির্ধারিত সময়ে চিকিৎসা নিতে এসে অনেক রোগীকেই ফিরে যেতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেবিদ্বার উপজেলার সুবিল উপস্বাস্থ্য কেন্দ্র  থেকে বাঙ্গরা উপস্বাস্থ্য কেন্দ্রে বদলি হয়ে আসেন উপসহকারী মেডিকেল কর্মকর্তা এনামুল হক চৌধুরী। এরপর থেকেই তার কর্মস্থলে অনিয়মিত থাকার অভিযোগ উঠেছে।

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে আড়াইটা কর্মস্থলে দায়িত্ব পালনের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ, তিনি অনেক সময় সকাল ১০টা থেকে ১১টার দিকে স্বাস্থ্যকেন্দ্রে আসেন এবং দুপুর সাড়ে ১২টার পর আর কর্মস্থলে থাকেন না। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের অফিস সহায়ক ওয়াসিমের কক্ষে কয়েকজন রোগী টোকেন হাতে নিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করছেন। ফার্মাসিস্ট না থাকায় ঊর্ধ্বতনের নির্দেশে  তিনিই সেখানে ফার্মাসিস্টের দায়িত্ব পালন করছেন।  তখন ঘড়িতে বেলা সাড়ে ১১টা। তবে ডাক্তারের ২ নম্বর কক্ষে তালা ঝুলতে দেখা যায়।

অপেক্ষমাণ রোগীদের কেউ এলার্জিজনিত সমস্যা, কেউ ঠাণ্ডা-জ্বর, আবার কেউ শরীরের ব্যথাসহ বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন। চিকিৎসক না থাকায় অফিস সহায়ক রোগীদের সামলানোর চেষ্টা করছেন। কিন্তু চিকিৎসা না পেয়ে কয়েকজন রোগীকে ফিরে যেতে দেখা যায়।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, এনামুল হক চৌধুরী দেবিদ্বারের ‘দি ডক্টরস ল্যাব’ নামে একটি প্রতিষ্ঠানে রোগী দেখেন। তাদের দাবি, এ কারণে তিনি কর্মস্থলে অনুপস্থিত থেকে সেখানে চেম্বার করেন। 

বাঙ্গরা স্বাস্থ্যকেন্দ্রের পাশে ব্যবসা করেন হারিস মিয়া। তিনি বলেন, নতুন ডাক্তার আসার পর থেকেই তিনি অনিয়মিত। চিকিৎসা নিতে এসে অনেক সময় ডাক্তারকে পাওয়া যায় না। সাধারণ মানুষ দূর-দূরান্ত থেকে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যান।

বাঙ্গরা বাজারের সবজি ব্যবসায়ী আল-মামুন শারীরিক সমস্যায় চিকিৎসা নিতে স্বাস্থ্যকেন্দ্রে আসেন। ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকা মামুন বলেন, আমরা গরিব মানুষ। অসুস্থ হলে বিনামূল্যে সরকারি চিকিৎসা নিতে হাসপাতালে আসি। কিন্তু এখানে এসেও দেখি ডাক্তার নেই। এই ডাক্তার সরকারের বেতন খান, কিন্তু হাসপাতালে আসেন না। প্রতিদিন রোগীরা এসে ফিরে যায়। এর জরুরি সমাধান চাই। আসাদ মিয়া বলেন, শনিবার চিকিৎসা নিতে এসে ফিরে গেছি। এর আগেও এসে ডাক্তার পাইনি।

মুরাদনগরের বাঙ্গরা উপস্বাস্থ্য কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ 

৬০ বছর বয়সী জুলেখা বেগম নাতনিকে নিয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। নিজেও অসুস্থ ছিলেন। কিন্তু ডাক্তার না পেয়ে তাকেও বিনা চিকিৎসায় ফিরে যেতে হয়। জুলেখা বেগম বলেন, আমরা গরিব মানুষ। বড় কোনো হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। এখানে এসেও ডাক্তার পাই না। এখন যাব কোথায়?

যোগীরখিল গ্রাম থেকে শিশুদের জন্য  চিকিৎসা নিতে আসা মায়মনা ও বিউটি আক্তার  একই অভিযোগ করেন। তারা বলেন, ডাক্তারের দেখা না পেয়ে ফার্মাসিস্টের রুম থেকে কিছু ওষুধ নিয়েছেন। ডাক্তার  না থাকায় তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

হাজিরা খাতায় টানা ২৫দিন সই না থাকার বিষয়ে উপসহকারী মেডিকেল কর্মকর্তা এনামুল হক চৌধুরী মোবাইল ফোনে বলেন, ভুলবশত টানা ২৫দিন হাজিরা খাতায় সই করা হয়নি। বিষয়টি এখন খারাপ লাগছে। তবে রোগীর রেজিস্টার নিয়মিত সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার স্বাস্থ্যকেন্দ্রে গেলে আগে ১২টার দিকে চলে যান এবং শনিবার অফিস করেন।

শনিবারের (২৬ সেপ্টেম্বর) বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেদিন ছুটি না নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। প্রায়ই তাকে কর্মস্থলে পাওয়া যায় না-রোগীদের এমন অভিযোগের বিষয়ে এনামুল হক চৌধুরী বলেন, টুকটাক এমন অভিযোগ থাকবে। কারণ সবাই একদিনে আসে না।

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, বাঙ্গরায় ডাক্তার অনিয়মিত থাকার বিষয়টি জানতে পেরেছি। এছাড়াও ওনার ডক্টরস নামে একটা চেম্বার রয়েছে বলে খবর পেয়েছি। বিষয়টি আরও খোঁজখবর নেবো। তিনি যেন নিয়মিত অফিস করেন তাকে বলে দেওয়া হবে । 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা