শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২০ পিএম
শ্রীপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে কুয়েত প্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
ডাকাতরা বাড়ির নারী সদস্য ও শিশুর গলায় দা ধরে হত্যার হুমুক দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাপড়সহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতেরা প্রবাসীর শ্বাশুড়িকে দা দিয়ে আঘাত করে জখম করে।
বৃধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের (ফকির পাড়া) পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম ওই গ্রামের সানাউল্লাহ মীরধার ছেলে। তিনি প্রায় আট বছরেরও বেশি সময় কুয়েত প্রবাসী। তার বাড়িতে স্ত্রী ফাতেমা আক্তার, চার বছরের শিশু মেয়ে মারিয়া আক্তার এবং শ্বাশুড়ি পারভীন আক্তার বসবাস করেন।
প্রবাসী আমিনুল ইসলামের শ্বাশুড়ি পারভীন আক্তার বলেন, রাত ৩টার দিকে ৭-৮জনের একদল ডাকাত বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে ঢুকে পড়ে। পরে ৫ জন ডাকাত বারান্দার গ্রীলের তালা ভেঙে ডাইনিং রুম দিয়ে বেড রুমে ঢোকে। শব্দ পেয়ে ঘুম ভাঙলে ঘরে কালোকাপড় দিয়ে মুখোশ পরিহিত পাঁচজন ডাকাত আমার নাতি এবং আমার গলায় দা ধরে। তারা আমার মেয়েকে ওয়ারড্রপ ও কেবিনেটের চাবি দিতে বলে। এ সময় ভয়ে মেয়ে ফাতেমা আক্তার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে চাইলে ডাকাতরা নাতিকে জবাই করার হুমকি দেয়। দায়ের আছাড় দিয়ে পারভীন আক্তারের ডান পায়ের আঙ্গুল এবং হাতের বাহুতে আঘাত করে জখম করে। পরে চাবি দিলে ডাকাতেরা নগদ ৪২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার, মেয়ের বিয়ের মূল্যবান শাড়ী ও জামাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতরা ঘরে প্রায় ঘণ্টাখানেক সময় অবস্থান করে। যাওয়ার সময় বলে আমরা আশেপাশেই আছি। চিৎকার দিলে আবার এসে শিশুকে জাবাই করার হুমকি দেয়।
শ্রীপুর থানা ওসি শাহিনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসার পর বলা যাবে এটা চুরি না ডাকাতি।