তানভীর আহমেদ, সুনামগঞ্জ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৮ এএম
মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি সিলেট-ছাতক রেললাইন সংস্কার প্রকল্পের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে থাকা এই প্রকল্পের কারণে দীর্ঘ চার বছর ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি সিলেট-ছাতক রেললাইন সংস্কার প্রকল্পের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে থাকা এই প্রকল্পের কারণে দীর্ঘ চার বছর ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জের ছাতক ও সিলেট অঞ্চলের লাখো মানুষ।
জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জের ছাতক বাজার পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি নির্মিত হয় ১৯৫৪ সালে। ঐতিহাসিক এই রেলপথ দিয়ে ছাতক থেকে চুনাপাথরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। পাশাপাশি, সুনামগঞ্জের সাধারণ মানুষ সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের জন্য এই রেলপথের ওপর নির্ভর করতেন। কিন্তু ২০২২ সালের ভয়াবহ বন্যায় রেলপথটির বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই এই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর রেলপথটি পুনর্বাসনের উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে। ২১৭ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৩৬৯ টাকা ব্যয়ে নেওয়া ‘সিলেট থেকে ছাতক বাজার অংশের (মিটারগেজ ট্র্যাক) পুনর্বাসন প্রকল্প’-এর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক)। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড। প্রকল্পের নির্ধারিত মেয়াদ অনুযায়ী ২০২৬ সালের ২৩ আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। নতুন রেললাইন স্থাপনসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ কাজ বাকি থাকায় প্রকল্পের ভবিষ্যৎ এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, শুরু থেকেই ধীরগতিতে কাজ চলছে, এভাবে চললে আরও কত বছর লাগবে আল্লাহ ভালো জানেন। কেউ কোনো তদারকি করছে না, ইচ্ছে মতো ঠিকাদাররা কাজ করছেন। আমরা চাই দ্রুত কাজ শেষ করে রেল চলাচল সচল করা হোক।
আবু সাঈদ নামে এক স্থানীয় ব্যবসায়ী জানান, রেলওয়ে থাকলে খুব সহজেই কম খরচে কাঁচামালসহ অন্যান্য মালামাল সিলেটে নেওয়া যেত। এখন সিএনজিচালিত অটোরিকশা বা সড়কে নিতে গিয়ে পরিবহন ব্যয় অনেক বেড়েছে।
উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ বেগম বলেন, রেল সচল থাকলে সিলেটে যাতায়াত অত্যন্ত সুবিধাজনক ও সাশ্রয়ী হতো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এটি আবার চালু করা হোক।
কাজের দীর্ঘসূত্রতার বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের প্রকল্প প্রকৌশলী সজিবুর রহমান জানান, উপকরণ বা সরঞ্জাম আমদানিতে এলসি (লেটার অব ক্রেডিট) জটিলতা এবং অতিবৃষ্টির কারণে সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। আমাদের পর্যাপ্ত মালামাল রয়েছে; আবহাওয়া অনুকূলে থাকলে কাজের গতি আরও বাড়বে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারব বলে আশা করছি। দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে পুনরায় ট্রেন চলাচল চালুর মাধ্যমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার স্থবিরতা কাটবেÑ এমনটাই প্রত্যাশা জনসাধারণের।