× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকদের ব্যস্ততা, স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে উধাও তিন যুবক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫ এএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগ উঠেছে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

অভিযুক্তরা হলেন, স্থানীয় ‘বিন্না ইয়ংমেন্স ক্লাব’ এর সাংস্কৃতিক সম্পাদক মো. নাদিম মাহমুদ ও তার বন্ধু মো. রাশেদ। তবে অভিযুক্ত নাদিম দাবি করেছেন, তিনি ও তার বন্ধুরা মাত্র তিন প্যাকেট দুধ নিয়ে খেয়েছেন এবং দুধগুলো শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল এটি তারা জানতেন না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাৎ. আশা বলেন, “গত শুক্রবার বিদ্যালয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী আসেন। তাদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সুযোগে লাইব্রেরিতে রাখা শিশুদের স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে যাওয়ার ঘটনা ঘটে”।

তার দাবি, নাদিমসহ স্থানীয় চার যুবক ৩০ প্যাকেট দুধ নিয়ে যান। নাদিম স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও তিনি উল্লেখ করেন।

অভিযুক্ত নাদিম বলেন, “আমিসহ তিন বন্ধু স্কুল থেকে তিন প্যাকেট দুধ নিয়ে খেয়েছি। এখন শুনছি ৩০ প্যাকেট চুরি হয়েছে। আমরা মনে করেছিলাম দুধগুলো শিক্ষকদের। পরে জানতে পারি, এগুলো শিশু শিক্ষার্থীদের জন্য”।

বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ বলেন, “নাদিম আমাদের ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক। শুনেছি তারা তিন প্যাকেট দুধ নিয়ে খেয়েছে। আসলে তারা বুঝতে পারেনি দুধগুলো শিশুদের জন্য বরাদ্দ ছিল”।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, গত শুক্রবার বিন্নায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা বিদ্যালয়ে আসায় অতিথিদের বসার ব্যবস্থা করতে স্কুল খুলে দেওয়া হয়। শিক্ষকরা তাদের আপ্যায়নে ব্যস্ত থাকার সময় তিনি ওয়াশরুমে যান।

এই সুযোগে লাইব্রেরিতে রাখা ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

প্রধান শিক্ষক আরও বলেন, “পরদিন শিশুদের টিফিনে স্কুল ফিডিংয়ের দুধ দিতে গিয়ে ৩০ প্যাকেট কম পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, কয়েকজন যুবক দুধ নিয়ে গিয়ে সেখানে বসেই খেয়েছেন”।

ঘটনাটি স্থানীয় কয়েকজন ব্যক্তি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরাও দেখেছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানানোর কথা জানিয়েছেন প্রধান শিক্ষক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা