মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ও ভুক্তভোগী আলেয়া খাতুন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেও বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
এমন অস্বাভাবিক বিল দেখে হতবাক হয়েছেন মাগুরার এক গ্রাহক। পরে বিদ্যুৎ বিভাগের ভুল ধরা পড়লে বিলটি সংশোধন করে ১ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়। সংশোধিত বিল পরিশোধও করেছেন ওই গ্রাহক।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলেয়া খাতুন ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী।
তার নামে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিদ্যুৎ বিলটি ইস্যু করেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস।
বিলের তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ছিল ৩৯৫। এর আগে ৮ আগস্ট মিটারের রিডিং ছিল ১৬০। অর্থাৎ এক মাসে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।
এ পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল উল্লেখ করা হয়। বিষয়টি নজরে আসার পর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ভুল শনাক্ত করা হয়।
পরে বিলটি সংশোধন করে এক হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়। সেই সংশোধিত বিলই পরিশোধ করেছেন গ্রাহক।