ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উদ্বোধনী স্থান ও জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়েই ফেনীবাসীর দীর্ঘদিনের নানা সমস্যা দূর হবে এবং সব প্রত্যাশা পূরণ হবে।
তার দাবি, ফেনীর মাটি ও মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি গভীর আত্মার সম্পর্ক রয়েছে।
ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উদ্বোধনী স্থান ও জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সরকার গঠনের মাত্র ৬-৭ মাসের মাথায় প্রধানমন্ত্রী ফেনী সফরে আসছেন। ফেনীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি নিবিড় আত্মিক সম্পর্ক রয়েছে। আমরা নির্বাচনের আগেও ফেনীবাসীর যেসব দাবির কথা বলে আসছিলাম, সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে মুহুরী, কহুয়া নদীর বাঁধ ও মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের বিষয় অন্যতম দাবি করে তিনি জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নিজেই মুহুরী-কহুয়া বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন।
এছাড়া মুছাপুর রেগুলেটর নির্মাণের বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের প্রধান দাবিগুলোর একটি ছিল ফেনীতে একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন।
প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ফেনীতে মেডিক্যাল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, “এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাঠ পর্যায়ে সক্ষমতা যাচাইয়ের জন্য বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, খুব দ্রুতই ফেনীবাসীর এই দাবিও পূরণ হবে।”
ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান পরশুরামে পৌঁছাবেন। সেখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদ্বোধন শেষে ফুলগাজীতে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন এবং একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের বার্তা নিয়ে ফেনীতে আসছেন।
তিনি ফেনীবাসীর ভালোবাসার প্রতিদান হিসেবে সব যৌক্তিক দাবি পূরণ করবেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।