রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০ পিএম
মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া বিশাল আকৃতির নদীর পাঙ্গাশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশাল আকৃতির একটি নদীর পাঙ্গাশ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৩৪ হাজার ৫০ টাকায় বিক্রি হয়েছে।
উপজেলার সাহেবের হাট ইউনিয়নের মাতাব্বরহাট মাছঘাটের খলিল মিয়ার মৎস্য আড়তে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মাছটি নিলামে তোলা হয়।
নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. কাউসার মাছটি কিনে নেন। বিশাল আকৃতির পাঙ্গাশটি দেখতে মাছঘাটে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।
আড়তদার ইবরাহীম খলিল জানান, স্থানীয় জেলে ওমর ফারুক মাঝির জালে মেঘনা নদীতে অন্যান্য মাছের সঙ্গে পাঙ্গাশটি ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে কাউসার বেপারি মাছটি কিনে নেন।
ক্রেতা মো. কাউসার জানান, বাজারে বর্তমানে নদীর পাঙ্গাশের চাহিদা রয়েছে। বড় আকারের হওয়ায় ভালো দাম পাওয়ার আশায় তিনি মাছটি কিনেছেন। এটি চাঁদপুরে বিক্রির জন্য পাঠাবেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, “প্রতি কেজি ১,৩০০ থেকে ১,৪০০ টাকা দরে বিক্রি করতে পারবো। এতে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি।”
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, “বর্তমানে মেঘনা নদীতে ইলিশের পাশাপাশি পাঙ্গাশসহ নানা প্রজাতির বড় মাছ পাওয়া যাচ্ছে। অভয়াশ্রম রক্ষা ও সরকারি বিভিন্ন উদ্যোগের ফলে নদীতে মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে।”