শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০১ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯ পিএম
সত্তরোর্ধ্ব ঝমেলার বাড়িতে গিয়ে হুইলচেয়ার, ১০ হাজার টাকা ও এক ব্যাগ খাবার সহায়তা দেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের ঝমেলা বেগমের বয়স ৭০ পেরিয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে প্রায় এক দশক ধরে একটি ঘর ও একটি বিছানাই ছিল তার পৃথিবী।
কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় নিজে নড়াচড়া করতে পারেন না তিনি। বিছানা থেকে ওঠা, বসা কিংবা প্রস্রাব-পায়খানার মতো স্বাভাবিক কাজেও প্রয়োজন হয় অন্যের সহায়তা।
দীর্ঘ প্রায় ১০ বছর পর মঙ্গলবার সেই ঘরের বাইরে এলেন ঝমেলা। দুপুরে তার বাড়িতে গিয়ে হুইলচেয়ার, ১০ হাজার টাকা ও এক ব্যাগ খাবার সহায়তা দেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন।
পরে তাকে বিছানা থেকে তুলে হুইলচেয়ারে বসিয়ে ঘরের বাইরে আনা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে ঝমেলার বসতভিটায় মাটি ভরাট, একটি নিরাপদ ঘর নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ও স্যানিটেশনের ব্যবস্থা করার উদ্যোগের কথা জানানো হয়।
পাশাপাশি তাকে প্রয়োজনীয় সরকারি সহায়তার আওতায় আনারও উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
ঘরের বাইরে এসে কিছুক্ষণ চারপাশের দিকে তাকিয়ে ছিলেন ঝমেলা। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে বসার সুযোগ যেন তার কাছে হয়ে ওঠে বিশেষ এক মুহূর্ত।
স্থানী বেশ কয়েকজন বাসিন্দা জানান, ৪০ বছরের বেশি আগে স্বামীকে হারিয়েছেন ঝমেলা। একমাত্র ছেলে বেঁচে থাকলেও নিয়মিত খোঁজখবর নেন না। প্রায় ২০ বছর আগে মারা গেছেন মেয়েও। ফলে জীবনের শেষ বয়সে এসে আপন বলতে তেমন কেউ নেই তার।
তারা আরও জানান, অসুস্থ হওয়ার পর চিকিৎসার খরচ জোগাতে একসময় নিজের ভিটার মাটিও বিক্রি করতে হয়েছে তাকে। কিন্তু তাতেও ফেরেনি সুস্থতা। অর্থের অভাবে এখন প্রায় বিনা চিকিৎসায় দিন কাটছে তার। যে ঘরে তিনি থাকেন, এত দিন সেখানেও ছিল না বিদ্যুতের সংযোগ। অন্ধকার ঘরেই কেটেছে তার দিন-রাত।
ঝমেলার জীবনে একসময় আশ্রয় হয়ে এসেছিল জোসনা নামের একটি মেয়ে। নিজের নাতনি হিসেবে তাকে লালন-পলন করেছিলেন তিনি। পরে এলাকাবাসীর সহযোগিতায় জোসনার বিয়ে হয়। বর্তমানে জোসনার পরিবারও অন্যের বাড়িতে বসবাস করে। ফলে ইচ্ছা থাকলেও অসহায় ঝমেলার নিয়মিত দেখাশোনা করা তাদের পক্ষে কঠিন।
স্থানীয়দের সহায়তায় কোনোভাবে খাবার জোটে তার। তবে চিকিৎসা, নিরাপদ বাসস্থান ও নিত্যদিনের প্রয়োজনীয় সেবার অভাবে দীর্ঘদিন ধরেই মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। স্থানীয়দের ভাষ্য, ঝমেলা কোনো সরকারি ভাতাও পান না।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ঝমেলা বেগমের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়িয়েছি। হুইলচেয়ার ও আর্থিক সহায়তার পাশাপাশি তার জন্য একটি নিরাপদ ঘর, বিদ্যুৎ ও স্যানিটেশনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সরকারি সহায়তার আওতায় তাকে আনারও উদ্যোগ নেওয়া হবে।