সিলেট-ছাতক রেল সংস্কার প্রকল্প
তানভীর আহমেদ, সুনামগঞ্জ
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪০ পিএম
সিলেট-ছাতক রেল লাইনের বর্তমান চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি সিলেট-ছাতক রেললাইন সংস্কার প্রকল্পের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে থাকা এই প্রকল্পের কারণে চার বছর ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জের ছাতক ও সিলেট অঞ্চলের লাখো মানুষ।
জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জের ছাতক বাজার পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি নির্মিত হয় ১৯৫৪ সালে। ঐতিহাসিক এই রেলপথ দিয়ে ছাতক থেকে চুনাপাথরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। পাশাপাশি, সুনামগঞ্জের সাধারণ মানুষ সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের জন্য এই রেলপথের ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু ২০২২ সালের ভয়াবহ বন্যায় রেলপথটির বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই এই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সিলেট-ছাতক রেল লাইনের বর্তমান চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘদিন বন্ধ থাকার পর রেলপথটি চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে। ২১৭ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৩৬৯ টাকা ব্যয়ে নেওয়া ‘সিলেট থেকে ছাতক বাজার অংশের (মিটারগেজ ট্র্যাক) পুনর্বাসন প্রকল্প’-এর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক)। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড। প্রকল্পের নির্ধারিত মেয়াদ অনুযায়ী ২০২৬ সালের ২৩ আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। নতুন রেললাইন স্থাপনসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ কাজ বাকি থাকায় প্রকল্পের ভবিষ্যৎ এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, রেল যোগাযোগ বন্ধ থাকায় সড়কপথে যাতায়াত এবং পণ্য পরিবহনে ব্যয় কয়েকগুণ বেড়ে গেছে। স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, রেলে চলাচল করলে ভাড়া অনেক কম লাগে, অন্যান্য পরিবহনে খরচ বেশি হয়। আমরা চাই দ্রুত কাজ শেষ করা হোক, এতে আমাদের যাতায়াত সহজ হবে। উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, শুরু থেকেই ধীরগতিতে কাজ চলছে, এভাবে চললে আরও কত বছর লাগবে আল্লাহ ভালো জানেন।
সিলেট-ছাতক রেল লাইনের বর্তমান চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কেউ কোনো তদারকি করছে না, ইচ্ছে মতো টিকাদাররা কাজ করছেন। আমরা চাই দ্রুত কাজ শেষ করে রেল চালু করা হোক। আবু সাঈদ নামের এক স্থানীয় ব্যবসায়ী বলেন, রেল চালু থাকলে খুব সহজেই কম খরচে কাঁচামালসহ অন্যান্য মালামাল সিলেটে নেওয়া যেত। এখন অটোরিকশা বা অন্য কোনো যানে মাল পরিবহন ব্যয় অনেক বেড়ে গেছে।
সিলেট-ছাতক রেলপথের সংস্কার চলছে ধীরগতিতে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ বেগম বলেন, রেল চালু থাকলে সিলেটে যাতায়াত অত্যন্ত সুবিধাজনক ও সাশ্রয়ী হতো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এটি আবার চালু করা হোক। কাজের দীর্ঘসূত্রতার বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের প্রকল্প প্রকৌশলী সজিবুর রহমান জানান, উপকরণ বা সরঞ্জাম আমদানিতে এলসি (লেটার অব ক্রেডিট) জটিলতা এবং অতিবৃষ্টির কারণে সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়নি। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। আমাদের পর্যাপ্ত মালামাল রয়েছে; আবহাওয়া অনুকূলে থাকলে কাজের গতি আরও বাড়বে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারব বলে আশা করছি। দ্রুত সংস্কার কাজ শেষ করে পুনরায় ট্রেন চলাচল চালুর মাধ্যমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার স্থবিরতা কাটবে-এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের।