সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২২ পিএম
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে।
সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, জামিলা ভ্যানযোগে তার ভগ্নিপতি রিয়াজুল শেখের বাড়ি মোল্লা গ্রামে যাচ্ছিলেন। যাত্রাপথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ি সংলগ্ন সড়কে অসাবধানতাবশত তার পরনের ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে জামিলাকে তাৎক্ষণিক দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জনাব মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”