রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০০ পিএম
দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মোটরসাইকেল জ্বলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজনৈতিক দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় ফাঁকা গুলি বর্ষণ করে এলাকাতে আতঙ্ক সৃষ্টি করা
হয়। এক পক্ষ আরেক পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে।
এ ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত
সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার তারাব
পৌরসভা ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়া'র সঙ্গে রাজনৈতিক বিষয়
নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার বাগবিতণ্ডা সৃষ্টি হয়। পরে মুড়াপাড়া এলাকা থেকে
দুটি মোটরসাইকেল যোগে বরপা বাসস্ট্যান্ডে এসে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ
সময় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের দুই পক্ষের লোকজনের
মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। কে বা কারো একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাৎক্ষণিক যুবদল নেতাকর্মীরা জড়ো হয়ে নানা ধরনের স্লোগান
দেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার
মেহেদী ইসলামের নেতৃত্বে রুপগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি
পুলিশ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম
সালাউদ্দিন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১২ জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪ জনকে
আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।