সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫২ পিএম
সায়মা ডায়াগনস্টিক সেন্টার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মানিকগঞ্জের সিংগাইরে সিলগালা করার পরও রোগী দেখা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবা কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে সায়মা ডায়াগনস্টিক সেন্টার নামক এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ স্থানীয়দের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসের নেতৃত্বে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত সায়মা ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সায়মা ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কার্যক্রম পরিচালনার অনুমতি চাওয়া হলেও সেবা কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি। তবে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানটি খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি খোলা রাখার ওই অনুমতির আওতায় কোনো রোগী দেখা, পরীক্ষা-নিরীক্ষা কিংবা চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ নেই।
তবে স্থানীয়দের অভিযোগ, সিলগালা করার পরও সায়মা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে কার্যক্রম চলছে। সেখানে চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রোগীদের বিভিন্ন সেবাও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে সায়মা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. ননী খান বলেন, “প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি আমাদের দেওয়া হয়েছে”।
তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিবেদককে দেখানো কাগজপত্রে দেখা যায়, প্রতিষ্ঠানটি শুধু খোলা রাখার অনুমতি পেয়েছে। একই সঙ্গে সেবা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস বলেন, “সায়মা ডায়াগনস্টিক সেন্টারকে শুধু প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তারা কোনো ধরনের সেবা কার্যক্রম চালাতে পারবে না”।
তিনি আরও বলেন, “আমি বর্তমানে দেশের বাইরে আছি। বিষয়টি জেনে দ্রুত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।