মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২২ পিএম
মির্জাগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর মির্জাগঞ্জে ডেঙ্গু রোগীর পাশাপাশি অন্য রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড সংকুলান হচ্ছে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৮৫জন রোগী। হাসপাতালের বারান্দা শুয়ে থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে। ডেঙ্গু রোগীদের মশারি টানিয়ে থাকতে বলা হলেও হাসপাতালের বারান্দায় ও মেঝেতে থাকায় তারা মশারি টানাতেও পারেন না। তাই রাতে কয়েল জ্বালিয়ে থাকতে হচ্ছে রোগী ও সঙ্গে থাকা স্বজনদের। কোনো রকমে স্যালাইন ঝুলিয়ে মেঝেতে বিছানা করে নিচ্ছেন চিকিৎসা। তবে অনেকেই আবার বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে ডেঙ্গু রোগীদের জন্য রবিবার (২৭ সেপ্টেম্বর) আলাদা ১০ শয্যা বেডের আইসোলেন ইউনিটের উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের এমপি বিএনপির ভাইস চেয়ারম্যান ও এয়ার ভাইস মার্শাল(অব.) আলতাফ হোসেন চৌধুরী। এ সময়ে মির্জাগঞ্জ উপজেলা ইউএনও শেখ মো. রাসেল, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার (
আরএমও) ডা. উমর ফারুক জাবিরসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (২৮ নভেম্বর) দুপুর পর্যন্ত এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দিন দিন রোগীর সংখ্যাও বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত ৫০ শয্যার এ হাসপাতালে ৮৫ জন রোগীকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে দেখা গেছে। বর্তমানে রোগীদের চাপ সামলাতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন এবং এসে কোনো শয্যা পাননি। হাসপাতালে রোগীর সংখ্যা বেশি তাই বারান্দায় থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, বারবার লোডশেডিং, তাছাড়া মশা ও ভ্যাপসা গরমে রোগীরা অতিষ্ঠ হয়ে উঠছেন।
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. উমর ফারুক জাবির বলেন, প্রতিদিন এখানে রোগীদের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু ও হামের জন্য ১০ শয্যা বিশিষ্ট আইসোলেন ইউনিট চালু করা হয়েছে। অতিরিক্ত রোগীদের বারান্দায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আমিসহ আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক রোগীদের দেখভাল করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা আইসোলেন ইউনিট করা হয়েছে। অতিরিক্ত রোগীদের শয্যা সংকটের কারনে মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। ৫০ শয্যার এ হাসপাতালে অনেক সময় ভর্তিকৃত রোগী এক শত ছাড়িয়ে যায়। অন্য রোগীদের ভর্তি রাখা কষ্টসাধ্যে হয়ে পড়েছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সেবিকা ও চিকিৎসকরা। আমরা কোনো রোগীকে ফেরত দিচ্ছি না, তবে মেঝেতে, সিঁড়ির পাশেও রোগীদেরকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।