চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৩ পিএম
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজিত বর্ণাঢ্য র্যালি বের হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হৃদরোগ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও বৈজ্ঞানিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘Don’t Miss a Beat’ বা ‘একটি স্পন্দনও যেন বাদ না পড়ে’। চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগ ও চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (সিএসআইসি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মেয়র শাহাদাত হোসেন বলেন, হৃদরোগ এখন শুধু বয়স্কদের সমস্যা নয়। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, অতিরিক্ত ওজন ও মানসিক চাপসহ নানা কারণে তরুণদের মধ্যেও ঝুঁকি বাড়ছে। তাই চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা ও জনসচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বুকব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাত পণ্য পরিহার, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার কমানো, নিয়মিত হাঁটা বা ব্যায়াম এবং রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন মেয়র। একই সঙ্গে হৃদরোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে পরিবারের সদস্যদেরও সচেতন করতে হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. আনিসুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নুরুদ্দিন তারেক। ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান ও ডা. আনিসুল আউয়াল। অনুষ্ঠানে হৃদরোগ বিভাগের সহযোগী ও সহকারী অধ্যাপকসহ মেডিসিন ও অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।