খুলনা অফিস
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪২ পিএম
খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একই সংযোগের বিপরীতে দুবার বিল দাখিলের অভিযোগে খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলামকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে। একটি প্রকল্পের চূড়ান্ত বিলের নথি পর্যালোচনার পর এ অনিয়মের অভিযোগ ওঠে।
নোটিসে বলা হয়, বিষয়টি সম্পর্কে নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম অবগত ছিলেন। এক্ষেত্রে তার দায়িত্বে চরম উদাসীনতা ও অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে নোটিসে উল্লেখ করা হয়।
এ কারণে খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৪-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না কেন, তা জানতে চাওয়া হয়েছে।
নোটিস পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর দিতে বলা হয়েছে। নোটিসের অনুলিপি খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন), উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল), সহকারী প্রোগ্রামার, ফাঁকা অফিসার এবং সংশ্লিষ্ট নথিতে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।